মনির হোসেন কামাল
বরগুনা প্রতিনিধি
বরগুনা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঠাগারের খোলা মাঠে গরু-ছাগলের অবাধ বিচরণ। গাছতলায় পাঠকদের বসার আসনে দাঁড়িয়ে-শুয়ে রয়েছে কয়েকটি ছাগল।
একটু পেছনেই রয়েছে বরগুনা পৌর গণ-পাঠাগারের একতলা ভবন।
পৌর কর্তৃপক্ষের অযতœ আর অবহেলায় পাঠাগারটি এখন আর পাঠকদের টানে না। সংস্কারের অভাব, বইপত্র নষ্ট হওয়া এবং পরিবেশ না থাকায় যেন পরিত্যক্ত বাড়িতে পরিণত হয়েছে।
পাঠাগারের আশপাশের প্রায় সবটুকু জায়গা দখল করে রেখেছে একটি পরিবার। মাঠের দক্ষিণ-পশ্চিম কোণে ঝুপড়ি ঘরে বাস করে পরিবারটি। উত্তর-পশ্চিম কোণে রয়েছে তাদের গরুঘর।
পৌরসভার সচিব রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৭৯ সালে বরগুনা পৌরসভা শহরের চরকলোনি এলাকায় পৌর গণ-পাঠাগারটি স্থাপন করা হয়। ২০০২ সালের দিকে এর ভবন ও সামনের মাঠের সংস্কার করা হয়। সবমিলিয়ে পাঁচ হাজার বই ছিল এখানে। সিডরে প্রায় দুই হাজার বই নষ্ট হয়ে গেছে।
২০০২ এর পর লাইব্রেরীতে আর নতুন বই সরবরাহ করা হয়নি। প্রতিদিন এখানে স্থানীয় একটি দৈনিক রাখা হয়, যার বিল পৌর কর্তৃপক্ষ পরিশোধ করে, বলেন সচিব।
বরগুনা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী রিয়াজ আহমেদ মুছা তার বন্ধু সুজনকে নিয়ে এসেছেন বই ও পত্রিকা পড়ার জন্য।
কিন্তু পাঠাগারের ভেতর বসার পর্যাপ্ত চেয়ার নেই। মাঠেও বসার পরিবেশ নেই। বসার আসনগুলো দখল করে আছে গরু আর ছাগল।
রিয়াজ আহমেদ মুছা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঠাগারের জমিতে একটি পরিবার হাস, মুরগি, গরু ও ছাগল পালন করছে। এতে পাঠাগারের বাইরে বসার পরিবেশই নেই।
তাছাড়া দীর্ঘদিনেও ভবনটির সংস্কার হয়নি। বসার চেয়ার নেই। বইও নেই পর্যাপ্ত, বলেন মুছা।
মো. খালেক নামের একজন পরিবার নিয়ে এখানে একটি ঝুপড়ি ঘরে বসবাস করেন। বাসার সামনে দিয়েছেন একটি ভাতের হোটেল। পালন করেন গরু, ছাগল, হাঁস ও মুরগি।
খালেকের স্ত্রী ফাতেমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের কোনো জমি নেই। পৌর মেয়র মোহাম্মাদ শাহাদাত হোসেনের কাছে বসবাসের জমি চাইলে তিনি মৌখিকভাবে এখানে থাকতে দিয়েছেন।
“খামু কী? হেইতে হোটেল দিছি, আর গরু-ছাগল পালি,” বলেন ফাতেমা।
সম্মিলিত সাংস্কৃতিক জোট বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ মোহাম্মাদ ওলি উল্লাহ ওলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে বলেন, পাঠাগারটি এক সময় বরগুনার সাহিত্য সংস্কৃতির কেন্দ্রস্থল ছিল। ভৌত অবকাঠামোর সংস্কার এবং পর্যাপ্ত আসবাবপত্রের অভাবে পাঠক এটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সাহিত্য চর্চা ও বিনোদনের সুযোগ সৃষ্টির জন্য এটি সংস্কার করা জরুরি।
বরগুনা পৌর মেয়র শাহাদাত হোসেন বলেন, শিগগিরই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ভবন ও সামনের মাঠের সংস্কার করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭২৩ ঘ.
bdnews24