২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে দুর্ঘটনা, ট্রেনের শিডিউল বিপর্যয়

ঈদের এই ব্যস্ত সময়ে পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় রাজধানীর সঙ্গে সারা দেশের ট্রেনের সময়সূচিতে বিপর্যয় সৃষ্টি হয়েছে। স্টেশনে স্টেশনে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2012, 04:31 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

রাজশাহী/ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারঘাটে একটি আন্তঃনগর ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঈদের এই ব্যস্ত সময়ে রাজশাহীর সঙ্গে ঢাকা ও খুলনার রেল চলাচল বুধবার বিকাল থেকে বন্ধ রয়েছে। বিকল্প পদ্ধতিতে সারদা স্টেশন থেকে ঢাকার ট্রেনগুলো চালু রাখার চেষ্টা হলেও রেলের সময়সূচিতে দেখা দিয়েছে বিপর্যয়। রাজধানী ও উত্তরবঙ্গের মধ্যে চলাচলকারী প্রায় প্রতিটি ট্রেন কয়েক ঘণ্টা করে বিলম্বিত হচ্ছে। ফলে রোজার মধ্যে ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে ইদে ঘরমুখো যাত্রীদের। রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস বুধবার বিকাল সোয়া ৫টার দিকে চারঘাট উপজেলার সারদা স্টেশনের কাছে দুর্ঘটনায় পড়ে। এর কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজশাহী ও ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। লাইন ঠিক হয়ে গেলে দুপুরের দিকে ট্রেন চলাচল শুরু করা যাবে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে রাজশাহী স্টেশন থেকে ঢাকার পথে রওনা হয় পদ্মা এক্সপ্রেস। সোয়া ৫টার দিকে সারদা স্টেশন থেকে ৫০ গজ দূরে এটি লাইনচ্যুত হয় বলে পশ্চিমাঞ্চল রেলওয়ের জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী জলিল উদ্দিন আহমেদ জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রেনের পেছনের দুটি এসি বগি ও একটি খাবারের বগি কাত হয়ে উল্টে যায়। এ সময় রেল লাইনের স্লিপার উঠে যায়।” দুর্ঘটনায় ১৫ জন আহত হন। তবে লাইনচ্যুত বগিগুলো রেখেই ট্রেনটি ঢাকায় রওনা হয়। রাজশাহীর স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার পর থেকে খুলনা ও চিলাহাটি থেকে রাজশাহীমুখী এবং রাজশাহী থেকে চলাচলকারী সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প পদ্ধতিতে ঢাকার ট্রেনগুলো চালু রাখা হয়েছে বলে জানান তিনি। রাজশাহী স্টেশন থেকে ঢাকাগামী যাত্রীদের একটি ট্রেনে করে সারদা স্টেশনে নিয়ে আসা হচ্ছে। এরপর সেখান থেকে তাদের নিয়ে সংশ্লিষ্ট ট্রেন ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে। একইভাবে ঢাকার যাত্রীদের সারদা স্টেশনে নামিয়ে অন্য ট্রেনে করে রাজশাহী পাঠানো হচ্ছে বলে স্টেশন মাস্টার জানান। জাহিদুল ইসলাম জানান, পদ্মা এক্সপ্রেসের দুর্ঘটনার পর এ পর্যন্ত বিভিন্ন গন্তব্যের তিনটি ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রীরা অন্য ট্রেনের টিকেট ফেরত দিতে চাইলে সে ব্যবস্থাও করা হয়েছে। ঢাকায় কমলাপুর রেল স্টেশনের রিজার্ভেশন সহকারী মাজহারুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা- রাজশাহী-লালমনিরহাট, ঢাকা-খুলনা ও ঢাকা-দিনাজপুর-নিলফামারী লাইনের প্রতিটি ট্রেন দুই থেকে তিন বিলম্বিত হচ্ছে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম-নোয়াখালী, ঢাকা-সিলেট ও ঢাকা-ময়মনসিংহ-কিশোরগঞ্জ লাইনের ট্রেনগুলো বিলম্বিত হচ্ছে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা। অবশ্য কমলাপুর স্টেশন ঘুরে জানা যায়, জামালপুরগামী অগ্নিবীণা এক্সপ্রেস সকাল ৯টা ২০ এ ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি বেলা ১১টা পর্যন্ত ঢাকাতেই পৌঁছেনি। রংপুর এক্সপ্রেস কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৯টায়। সেটিও বেলা ১১টা পর্যন্ত ঢাকায় আসতে পারেনি। জামালপুরগামী ট্রেনের অপেক্ষায় থাকা সিদ্দিক আহমেদ ক্ষোভের সঙ্গে বলেন, “কেউ কিছু বলতে পারছে না। আমাকে বলেছে ১১টায় ট্রেন ছাড়বে, এখনো ছাড়লো না। আবার কাউকে কাউকে বলেছে ১২টার পর ছাড়বে। কি করব বুঝতে পারছি না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএমআর/জেকে/১১১৫ ঘ.