ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক রিকশাচালক নিহত হয়েছেন।
পুলিশের ধারণা, রিকশা চালক মো. মামুন (৪০) ছিনতাইকারীর করলে পড়েছিলেন। বুধবার সকাল ১০ টার দিকে কুতুবখালী স্কুলের গালি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
মামুনের স্ত্রী কাকলি বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার ইফতারির পর মামুন রিকশা নিয়ে হাজারীবাগের রায়েরবাজারের বাসা থেকে বের হয়। সারারাত রিকশা চালিয়ে সকালে তিনি আর বাসায় ফেরেননি।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. এমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামুনের রিকশাটি পাওয়া যাচ্ছে না। তার কাছে কোনো টাকাও পাওয়া যায়নি।
“আমাদের প্রাথমিক ধারণা, ছিনতাইকারীর কবলে পড়ে মামুনের মৃত্যু হয়েছে।”
মামুনের বাড়ি বরিশালে গৌরনদীতে। ময়নাতদন্তের জন্য তার লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মঙ্গলবার ভোরেও মিরপুর ৬ নম্বরে নিজ বাসার সামনে শাহজাহান ভূঁইয়া নামে এক ব্যক্তি ছিনতাইকারীর ছুরিতে নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১১৩৬ ঘ.
bdnews24