২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁসির ১২ আসামি খালাস

২০০১ সালের নির্বাচনের পর বাগেরহাটের এক আওয়ামী লীগ সমর্থককে খুনের দায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ১২ আসামি উচ্চ আদালতের রায়ে খালাস পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 12:34 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০১ সালের নির্বাচনের পর বাগেরহাটের এক আওয়ামী লীগ সমর্থককে খুনের দায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ১২ আসামি উচ্চ আদালতের রায়ে খালাস পেয়েছেন। আসামিদের আপিলের শুনানির পর মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের হাই কোর্ট বেঞ্চ এই রায় দেয়। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন বলে জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবীরা। খালাস পাওয়া ব্যক্তিরা হলেন- মীর মোহাম্মদ, সালাম লস্কর, আক্তার মোল্লা, মোকাদ্দেস মোল্লা, রব্বানী কাজী, ইসলাম লস্কর, লিটন শেখ, জুম্মন কাজী, মিসকাত গাজী, সিফাত শেখ, আলফা শেখ ও হাফিজুর রহমান। এর মধ্যে হাফিজুর শুরু থেকেই পলাতক। তাকে রাষ্ট্রের খরচে আইনজীবী দেওয়া হয়। তবে আদেশের সুবিধা তিনিও পাবেন। ওই আদালতে দায়িত্বরত সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আমিনুর রহমান চৌধুরী টিকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত ডেথ রেফারেন্স রিজেক্ট করে সবাইকে খালাস দিয়েছে। আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করব।” ২০০১ সালে জাতীয় নির্বাচন পরবর্তী সহিংসতা চলাকালে চিংড়ি ঘেরের দখল নিয়ে ওই বছরের ৭ অক্টোবর খুন হন রামপাল উপজেলার নূর মোহাম্মদ, যিনি আওয়ামী লীগের গ্রাম পর্যায়ের নেতা ছিলেন। ওই মামলায় ২০০৮ সালের ২৪ এপ্রিল বাগেরহাটের তৎকালীন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম ১২ আসামিকে মৃত্যুদণ্ড দেন। আইন অনুসারে মৃত্যুদণ্ড ‘ডেথ রেফারেন্স’ হিসাবে সুপ্রিম কোর্টে আসে। একই সঙ্গে কারাগারে থাকা ১১ আসামি আপিলও করেন। হাই কোর্ট আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি করে সবাইকে খালাস দিল। নিহত নূর মোহাম্মদ রামপালের বন্নী গ্রামের আওয়ামী লীগ নেতা ছিলেন। ঘটনার পর তার ছেলে সোহাগ মল্লিক বাদি হয়ে রামপাল থানায় হত্যা মামলা করেন। এজাহারে ৬৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের আরো ২০-২৫ জনকে আসামি করা হয়। তদন্তের পর পুলিশ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়, এর মধ্যে আসলাত শেখ মামলা চলাকালে মারা যান। অভিযোগপত্রভুক্ত অন্য আসামি জজ আদালতের রায়েই খালাস পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৮৩০ ঘ.