ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির নতুন নিয়মের প্রতিবাদে দুই দিন ধরে আন্দোলন চালানোর পর কর্মসূচি স্থগিত করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা মঙ্গলবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় প্রেসক্লাব ও শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে দিনভর বিক্ষোভ দেখায়। তাদের অবরোধের কারণে রাজধানীজুড়ে তৈরি হয় যানজট।
জিপিএর ভিত্তিতে ভর্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে হাই কোর্ট রুল জারি করলেও দাবি আদায়ে অনড় থাকে তারা। তবে বিকালে ইফতারে আধ ঘণ্টা আগে কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে শাহবাগ এলাকা ত্যাগ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্দোলনকারীদের প্রতিনিধি শান্তনু কর সাংবাদিকদের বলেন, “সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি চিন্তা করে আমরা কর্মসূচি স্থগিত করছি। ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস হওয়ার এবং এরপর ঈদের ছুটি শুরু হওয়ায় কয়েকদিন আমরা রাজপথে থাকব না।”
“দাবি পূরণ না হলে ঈদের পর ২৭ অগাস্ট আবারো কেন্দ্রীয় শহীদ মিনারে মিলিত হয়ে আন্দোলন শুরু করব আমরা।”
এতোদিন মেডিকেল ও ডেন্টালে ভর্তিতে পরীক্ষা হলেও স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক রোববার জানান, চলতি বছর থেকে আর ভর্তি পরীক্ষা নেওয়া হবে না, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএর ভিত্তিতেই এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে।
সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, দিনাজপুর, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সোমবারই বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।
অবশ্য স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, ভর্তি পদ্ধতি নিয়ে শিক্ষার্থীদের এই বিক্ষোভে ‘কোচিং সেন্টারগুলোর ইন্ধন’ রয়েছে।
বিক্ষোভের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমার কাছে তথ্য আছে যে কোচিং সেন্টারগুলো ছাত্রদের বিক্ষোভে নামাচ্ছে। তারা পুরাতন পদ্ধতি ফিরিয়ে আনার কথা বলে ছাত্রদের মাঠে নামাচ্ছে।”
সোমবারের ঘোষণা অনুযায়ী, প্রায় তিনশ শিক্ষার্থী মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ করে। এরপর তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গিয়ে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান ইশতিয়াক আহমেদ। তিনি বলেন, “স্বাস্থ্য অধিদপ্তদরের মহাপরিচালক বলেছেন, মেডিকেলে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাইয়ে পরীক্ষা নেওয়াটা ঝামেলাপূর্ণ। আর স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, এসএসসি ও এইচএসসির মেধাকে প্রকৃত মূল্যায়নের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষা পদ্ধতি বাতিলের কারণ নিয়ে তারা নিজেরাই দ্বিধাগ্রস্ত।”
ইশতিয়াক বলেন, দেশের বিভিন্ন বোর্ডের এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র মূল্যায়নে ভিন্নতা রয়েছে। তাই এ পরীক্ষার ভিত্তিতে মেডিকেলে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হলে তা বৈষম্য সৃষ্টি করবে। এতে মেধাবীরা বঞ্চিত হবে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ, অবস্থান ও সড়ক অবরোধের মতো কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।
এরপর শিক্ষার্থীরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে এগোলে পুলিশ তাদের বাধা দেয়। এতে সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঁচজনের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি দিয়ে আসেন।
সচিবালয় থেকে ফিরে প্রতিনিধি দলের সদস্য ফারজানা আক্তার বলেন, “স্বাস্থ্যমন্ত্রী তাদের বলেছেন, “বিষয়টি এখন আদালতে উঠেছে। আদালত যে সিদ্ধান্ত দেয় সে মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
“কিন্তু আমরা জানিয়েছি, আদালত যে সিদ্ধান্তই দিক না কেন মেডিকেলে ভর্তিতে পরীক্ষা পদ্ধতি পুনর্বহাল না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”
এরপর বেলা সোয়া ১টার দিকে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী শাহবাগ মোড়ে অবস্থান নিলে ওই এলাকা দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। শাহবাগ থেকে মতিঝিল, ফার্মগেইট ও সায়েন্স ল্যাবরেটরির দিকের সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এরই মধ্যে মেডিকেলের ভর্তি পদ্ধতি নিয়ে একটি রিট আবেদনের শুনানি করে আদেশ দেয় হাই কোর্ট। পরীক্ষা পদ্ধতি বাদ দিয়ে এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে মেডিকেল ও ডেন্টালে ভর্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে আদালত রুল জারি করে।
স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়।
শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে আন্দোলনে অনড় থাকার কথা বললেও সন্ধ্যা ৬টার পর কর্মসূচি স্থগিতের ঘোষণা আসে।
শিক্ষার্থীরা সরে গেলে ইফতারের ঠিক আগে শাহবাগ দিয়ে আবার যান চলাচল শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১৮২৫ ঘ.
bdnews24