চট্টগ্রাম, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে চট্টগ্রাম থেকে মহাসড়কে যাত্রীবাহী বাস ছাড়া বড় যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে পুলিশ।
আগামী ১৭ অগাস্ট থেকে ঈদের তিনদিন পর পর্যন্ত মহাসড়কে এই বিধিনিষেধ কার্যকর থাকবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান।
১৫ অগাস্ট জাতীয় শোক দিবসের ছুটির মধ্য দিয়ে এবারের ঈদের সরকারি ছুটি শুরু হচ্ছে যা শেষ হবে ২২ অগাস্ট।
মঙ্গলবার থেকেই বন্দরনগরী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। এদিনই শুরু হচ্ছে বাস, ট্রেন ও লঞ্চের বিশেষ সেবা। ফলে মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকবে।
কুসুম দেওয়ান বলেন, “ঈদের সময় গণপরিবহনের বাইরে শুধু রপ্তানিমুখী ও খাদ্যদ্রব্য বহনকারী ট্রাক, কভার্ড ভ্যান বা লরি মহাসড়কে চলাচল করতে পারবে, অন্য কোনো ভারি যানবাহন নয়।”
কয়েকদিন আগে সংশ্লিষ্ট পরিবহনের মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।
বাংলাদেশ কাভার্ড ভ্যান, ট্রাক ও ট্রেইলার মালিক সমিতির (ফেডারেশন) মহাসচিব মো. আবু মোজাফফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন গড়ে ১০হাজার ট্রাক-লরি ও কভার্ড ভ্যান চলাচল করে।
মানুষের ভোগান্তি রোধে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে বৈঠকে ট্রাক-লরি, কভার্ড ভ্যান ও ট্রেইলার চলাচল কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
এদিকে রমজানের মাঝামাঝি সময় থেকে নগরীতে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এবং ফুটপাতে দোকান ও অবৈধ পার্কিংয়ের কারণে নগরে যানজট বেড়েছে।
এ সমস্যা নিরসনেও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও কর্মকর্তা কুসুম দেওয়ান জানান।
তিনি বলেন, যানজট নিরসনে এবং নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পুলিশের বাইরে অতিরিক্ত শিল্প পুলিশও কাজ করছে।
এছাড়া নগরীতে কর্তব্যরত পুলিশ সার্জেন্টদের দায়িত্বের সময় বাড়ানো হয়েছে এবং বাড়তি কমিউনিটি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
যানজট নিরসন এবং বিভিন্ন বাজারে ক্রেতাদের কেনাকাটা নির্বিঘ্ন করতে নিউ মার্কেট থেকে আমতল পর্যন্ত এলাকায় হিউম্যান হলার ও মিনি বাস পার্কিং ও চলাচল আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এএইচ/জেকে/১৩২৫ ঘ.
bdnews24