নাটোর, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের লালপুর উপজেলায় রোববার রাতে এক যুবককে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।
নিহত আব্দুল মালেক (৩৬) লালপুরের দিলালপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।
লালপুর থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সোয়া ৯টার দিকে আব্দুল মালেক পাশের রায়পুর গ্রাম থেকে চাচাতো ভাই কালাম, ভাগিনা ইউসুফ ও ভাবির সঙ্গে বাড়ি ফিরছিলেন।
পথে ৭/৮ জন যুবক ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, বুক, হাত ও পায়ে আঘাত করে। ওই সময় তার সঙ্গে থাকা অন্যরা দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নেয়।
মালেককে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২২ ঘ.
bdnews24