নারায়ণগঞ্জ, ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু’দিনের বৃষ্টিতে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। বাড়িঘরেও পানি উঠেছে।
নগরবাসীর অভিযোগ, পানি নিষ্কাশনের ড্রেনগুলো ভরাট হয়ে যাওয়ায় এই জলাবদ্ধতার প্রধান কারণ।
এলাকাবাসী জানায়, শনিবার রাত, রোববার দিনরাত এবং সোমবার সকালে মুষলধারা বৃষ্টিতে নগরীর কলেজরোড, প্রেসিডেন্ট রোড, আমলাপাড়া, গলাচিপা, বাবুরাইল, জামতলা, খানপুর, মাসদাইর, কাশীপুরসহ আশপাশের এলাকায় হাঁটু পানি জমে গেছে।
বাড়িঘর ও সড়কে পানি ওঠায় জনদুর্ভোগ বেড়েছে।
কলেজ রোডের বাসিন্দা আকলিমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দু’দিনের বৃষ্টিতে রাস্তাঘাট, ঘরবাড়ি হাঁটু পানিতে তলিয়ে গেছে।
রান্নাঘরে পানি ঢুকেছে। কাঠ দিয়ে রান্না করা সম্ভব হচ্ছে না। দ্রুত পানি নিষ্কাশন করা না হলে ভোগান্তি আরো বাড়বে বলে মনে করেন তিনি।
সরকারি তোলারাম কলেজের øাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মঞ্জুরুল হক, আমিনুল রানা ও সাফায়েত হোসেন বলেন, রাস্তায় পানি ওঠায় যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই কলেজরোড পানিতে তলিয়ে যায়।
মাসদাইর এলাকার বাসিন্দা ব্যবসায়ী আব্দুল মোতালেব বলেন, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা নিয়মিত পয়ঃনিষ্কাশনের ড্রেন পরিষ্কার না করায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিনুল্লাহ নুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃষ্টির পানির অধিক চাপের কারণে পয়ঃনিষ্কাশনের পথে ময়লা আবর্জনা আটকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা ড্রেন থেকে ময়লা আবর্জনা আপসারণ এবং জলাবদ্ধতা দূর করার কাজ করছে বলে তিনি জানান।
তিনি বলেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিছুদিন পরপর পানি নিষ্কাশনের ড্রেন পরিষ্কার করতে গিয়ে দেখা গেছে, প্লাস্টিক বোতল, খড়, ফলের ময়লা আবর্জনা ড্রেনে ফেলার কারণে জ্যাম হয়ে যায়। এতে পানি সরতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৫ ঘ.
bdnews24