২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ব্যাংক থেকে টাকাভর্তি ব্যাগ উধাও

ফরিদপুর শহরে একটি ব্যাংক থেকে গ্রাহকের পাঁচ লাখ টাকাভর্তি একটি ব্যাগ চুরি হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 12:35 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ফরিদপুর, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর শহরে একটি ব্যাংক থেকে গ্রাহকের পাঁচ লাখ টাকাভর্তি একটি ব্যাগ চুরি হয়ে গেছে। সোমবার দুপুরের ঝিলটুলী এলাকায় সোনালী ব্যাংকের প্রধান শাখায় এ ঘটনায় খোয়া যায় স্থানীয় টেলিগ্রাফ অফিসের কর্মচারীদের বেতনের টাকা। ফরিদপুর টেলিগ্রাম অফিসের সিনিয়র ক্যাশ কর্মকর্তা এস এম কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, তাদের অফিসের কর্মচারীদের বেতন ও অফিস খরচ পরিচালনার পাঁচ লাখ ২৪ হাজার ২৯৮ টাকা তুলে একটি ব্যাগে রাখেন তিনি। “আমার সঙ্গে থাকা চার কর্মকর্তা-কর্মচারীর জিম্মায় ক্যাশ কাউন্টারের ভিতর একটি টেবিলের ওপর ব্যাগটি রেখে আমি ট্রেজারি চালান জমা দিতে যাই। “ফিরে এসে দেখি ব্যাগটি নেই। আমার সঙ্গের লোকজনও কিছু বলতে পারছেন না,” বলেন তিনি। সোনালী ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক সিরাজুল ইসলাম বলেন, টেলিগ্রাম অফিসের কর্মকর্তা-কর্মচারীদের টাকার ব্যাগ উধাও হয়ে গেছে বলে লিখিত অভিযোগ করেছেন। ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৮৩০ ঘ.