সাভার, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যাচেষ্টা মামলার এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় সাভার থানার দুই উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে।
কর্তব্যে অবহেলার অভিযোগ এনে রোববার সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা ও মাহফুজা খানমকে প্রত্যাহার করা হয়।
‘থানা থেকে হত্যা চেষ্টা মামলার আসামির পলায়ন’ সংবাদটি শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত হয়।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান মিঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্তব্যে অবহেলার অভিযোগে সন্ধ্যায় ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমানের নির্দেশে দুই এসআইকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
ওসি জানান, গোপালগঞ্জের আবু বক্কর শিকদার তাকে জবাই করে হত্যা চেষ্টার অভিযোগ এনে ছেলে জাহিদুল ইসলাম পাপ্পুর (৩৫) বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন।
“মামলা দায়েরের পর থেকেই পাপ্পু পালিয়ে সাভার চলে আসে। এদিকে পাপ্পুর বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং সকল থানায় সেই বার্তা পাঠানো হয়।”
শুক্রবার রাত ৯টায় উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা আসামি পাপ্পুকে পৌর এলাকার তালবাগ থেকে গ্রেপ্তার করে। থানায় আনার পর উপ-পরিদর্শক (এসআই) মাহফুজা খানম তাকে বসিয়ে রাখলে পাপ্পু কৌশলে পালিয়ে যায় বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২৩২২ ঘ.
bdnews24