সাতক্ষীরা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাচারের সময় সাতক্ষীরার এক সীমান্তবর্তী গ্রাম থেকে এক ট্রাক ইলিশ মাছ আটক করেছে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, রোববার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঘলঘলিয়া গ্রাম থেকে আটক এই ইলিশ পরে নিলামে বিক্রি করা হয়।
এদিক, সরকারি দলের লোকজন নিলামে মাছ ব্যবসায়ীদের অংশ নিতে দেয়নি বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
দেবহাটা থানার ওসি কাজী দাউদ হোসেন বলেন, ভোর ৫টার দিকে ঘলঘলিয়া গ্রাম থেকে পাচারের সময় একটি ট্রাক আটক করা হয়। এ সময় গাড়ির চালকসহ অন্যরা পালিয়ে যায়।
পরে ট্রাকে থাকা ইলিশ দেবহাটা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিক-ই-ইলাহী ও সাতক্ষীরা কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে নিলামে বিক্রি করা হয়।
সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া এলাকার বাসিন্দা মৎস্য ব্যবসায়ী আবু সেলিম লাল্টু বলেন, নিলামে মাছ ব্যবসায়ীরা অংশ নিতে পারেননি। সরকারি দলের লোকজন তাদের থানা থেকে বের করে দেন।
তিনি অভিযোগ করেন, এসময় তাকে থানার গেটের সামনে ফেলে পিটিয়ে সন্ত্রাসীরা ১১ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান নিলামে সেই মাছ কিনে নেন।
আবু রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১১ লাখ ২৮ হাজার টাকায় তিনি ৪৭ কার্টন ইলিশ মাছ নিলামে কিনেছেন। নিলামে ১০/১২ জন অংশ নিয়েছেন বলে তিনি জানান।
ওসি কাজী দাউদ হোসেন বলেন, আমার রুম থেকে থানার গেট বেশ দূরে। তাই গেটে কী হয়েছে আমি জানি না। কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২০০ ঘ.
bdnews24