২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিকেলে ভর্তি পরীক্ষার দাবিতে মানববন্ধন

মেডিকেল ও ডেন্টাল কলেজে জিপিএর ভিত্তিতে ভর্তির সিদ্ধান্ত বাতিল করে ভর্তি পরীক্ষা বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রামের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 03:54 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

চট্টগ্রাম, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেডিকেল ও ডেন্টাল কলেজে জিপিএর ভিত্তিতে ভর্তির সিদ্ধান্ত বাতিল করে ভর্তি পরীক্ষা বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রামের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। রোববার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ২০১১ ও ২০১২ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীণ শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধনে অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা বাতিল করে ভর্তি পরীক্ষার মাধ্যমে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তির দাবি জানায় শিক্ষার্থীরা। রোববার স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির জন্য ভর্তি পরীক্ষা বাদ দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাওয়া জিপিএর ভিত্তিতে এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী রাকিব মোস্তফা বলেন, “মেডিকেলে ভর্তির জন্য গত এক বছর ধরে আমরা প্রস্তুতি নিয়েছি। শুধু জিপিএর ভিত্তিতে ভর্তি করানো হলে আমরা ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হব।” রাকিব বলেন, তাই অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে পরীক্ষার মাধ্যমে ভর্তি করার দাবি জানাচ্ছি। আরেক শিক্ষার্থী সাব্বির হাসান সরকার বলেন, “এ ধরণের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে এক বছর আগে ঘোষণা দিতে হবে।” “এখন আমরা মেডিকেলে ভর্তির সুযোগ না পেলে এর দায় কে নেবে?” প্রশ্ন সাব্বিরের। মানববন্ধনে নগরীর চট্টগ্রাম কলেজ, হাজী মুহাম্মদ মহসীন কলেজ, সরকারি সিটি কলেজ, বিএফ শাহীন কলেজ ও নৌবাহিনী কলেজসহ বেশ কয়েকটি সরকারি- বেসরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএএইচ/এমআই/২১৫২ ঘ.