ফরিদপুর, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর সদরে রোববার একটি জুট মিলের শ্রমিকদের মজুরির চার লাখ টাকা ছিনতাই হয়েছে।
ছিনতাইকারীদের হামলায় পার্থ জুট মিলের সহকারী ব্যবস্থাপক সৈয়দ রবিউল ইসলাম সবুজ (৩০) আহত হয়েছেন।
তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পার্থ জুট মিলের ব্যবস্থাপক খুশবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যাংক এশিয়া ফরিদপুর শাখা থেকে চার লাখ টাকা তুলে একটি ব্যাগে করে রবিউল ইসলাম এক সহকর্মীর সঙ্গে মোটরসাইকেলে মিলে যাচ্ছিলেন।
মোটরসাইকেল চালাচ্ছিলেন তার সহকর্মী অমলেন্দু চক্রবর্তী লাল্টু।
বিকাল ৪টার দিকে তাদের মোটরসাইকেল ঢাকা খুলনা মহাসড়কের তেঁতুলতলা এলাকায় পৌঁছলে পেছন থেকে আরক মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী সবুজের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে এবং তার হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়।
এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক বলেন, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৩ ঘ.
bdnews24