২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাহুবলে ইফতার নিয়ে ছাত্রদলের সংঘর্ষ, আহত ২০

হবিগঞ্জের বাহুবল উপজেলায় শনিবার ইফতার বিতরণ নিয়ে ছাত্রদলের দু’গ্র“পের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2012, 05:05 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

হবিগঞ্জ, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বাহুবল উপজেলায় শনিবার ইফতার বিতরণ নিয়ে ছাত্রদলের দু’গ্র“পের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় দেড়ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। গুরুতর আহত উপজেলা ছাত্রদল আহ্বায়ক আব্দুল আহাদ কাজল (৩২), ছাত্রদলকর্মী রুবেল মিয়া (২৪), ঈমান আলী (২৫) ও এলাকাবাসী জহুর আলীকে (৬০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এলাকার আব্দুর রশিদ (৮০), ছাত্রদলকর্মী শামসু মিয়া (২৭), ছায়েদ মিয়া (৩২) ও নজরুল ইসলামকে (২৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। স্থানীয়দের বরাত দিয়ে বাহুবল মডেল থানার ওসি আজিজুর রহমান সরকার বলেন, উপজেলা ছাত্রদল শনিবার সন্ধ্যায় মিরপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইফতারের আয়োজন করে। খাবার বিতরণ নিয়ে উপজেলা ছাত্রদল আহ্বায়ক আব্দুল আহাদ কাজলের সঙ্গে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাহিন মিয়ার কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দু’পক্ষ মিরপুর চৌমুহনায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দেড়ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষ লাটিসোটাসহ বিভিন্ন দেশি অস্ত্র ব্যবহার এবং ইটপাটকেল নিক্ষেপ করে। পরে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি আরো বলেন, ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধের কারণে এ সংঘর্ষ হয়েছে। ফের সংঘর্ষের আশংকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৫ ঘ.