গাজীপুর, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিদর্শনের কয়েকঘণ্টার মধ্যে রেল লাইনের পাশে আবারো লাশ পাওয়া গেছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের রতনপুরে শনিবার বিকালে রেললাইনের পাশে একটি জলাশয়ে অজ্ঞাত পরিচয় এই যুবকের (২৮) লাশ পাওয়া যায়।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালিয়াকৈরের মৌচাকের রতনপুর রেল স্টেশনের প্রায় একশ’ গজ পশ্চিমে রেললাইনের পাশে একটি জলাশয়ে বিকেলে ওই যুবকের ভাসমান লাশ দেখে পুলিশকে জানায় এলাকাবাসী।
কিন্তু ঘটনাস্থল রেলপথ এলাকায় হওয়ায় থানা পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারেনি। ঘটনাটি টঙ্গী জিআরপি পুলিশকে জানানো হয়েছে।
যুবকটির পরনে ফুল চেক শার্ট, কালো জিন্সের প্যান্ট ছিল।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।
গত এক মাসে রেল লাইনের পাশে ১২টি লাশ উদ্ধার নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রতিবেদন প্রকাশের দুদিন পর শনিবার সকালে সদর উজেলার মীরেরগাঁও এলাকা পরিদর্শনে যান মন্ত্রী। গত বৃহস্পতিবার ওই এলাকায় রেল লাইনের পাশে তিনটি লাশ পাওয়া যায়।
এছাড়া ওই এলাকায় দেড় কিলোমিটারের মধ্যে গত এক সপ্তাহে পাঁচটি এবং এক মাসে ১২টি লাশ পাওয়া গেছে। এই মৃত্যুগুলোর সঠিক কারণ খুঁজে পাওয়া না গেলেও এর পেছনে ছিনতাইয়ের যোগসূত্র রয়েছে বলে স্থানীয়দের ধারণা।
রেললাইনের পাশে লাশ পড়ে থাকার ঘটনার বিষয়টি তদন্ত করতে মন্ত্রীর নির্দেশে রেল মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মোস্তফাকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. শাহজাহান মিয়া ও রেলওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) মো. সোহরাব হোসেন। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সন্ত্রাসীরা যাতে ট্রেনে এবং ট্রেনের ছাদে উঠতে না পারে তার জন্য নিরাপত্তাকর্মীদের নজরদারি বাড়ানোর নির্দেশ দেন মন্ত্রী। তিনি বলেন, ট্রেনের নিরাপত্তা বিধানে এবং অপরাধীদের সনাক্ত করতে ট্রেনের ভেতরেও গোয়েন্দা থাকবে।
মীরের গাঁও এলাকায় রেল পুলিশের একটি অস্থায়ী ক্যাম্প স্থাপনের নির্দেশও দেন মন্ত্রী। গাজীপুরের পাশাপাশি টাঙ্গাইল জেলা প্রশাসনকেও এই বিষয়ে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি।
পরিদর্শনের সময় রেলপথমন্ত্রী লোকবল সঙ্কটের কারণে রেলে অনিয়মের কথা স্বীকার করেন সাংবাদিকদের কাছে। এ কারণে রেলে আগামী কয়েক মাসের মধ্যে ১১ হাজার লোক নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫০ ঘ.
bdnews24