লালমনিরহাট, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসক অফিসের এক কর্মচারী নিহত হয়েছেন। আহত হন একজন।
শনিবার সকালে এ দুর্ঘটনায় নিহত অফিস সহকারী শওকত-উজ-জামান (৪৮) তালুক খুটামারা এলাকার বাসিন্দা।
আহত নুরে আলম সরকার পাইলটকে (৩৮) গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আদিতমারী থানার ওসি মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লালমনিরহাট-বুড়িমারী সড়কে সাপ্টিবাড়ি বাজারের কাছে আদিতমারী থেকে লালমনিরহাটগামী একটি আটোরিকশা বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল আরোহী শওকত-উজ-জামান ও তার সঙ্গে থাকা নুরে আলম সরকার পাইলট আহত হন।
লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুরে শওকত-উজ-জামানের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.
bdnews24