নওগাঁ, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নওগাঁর ধামইরহাট উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত এক ব্যক্তি নিহত এবং তিনজন আহত হয়েছেন।
সাহাপুর গ্রামে শুক্রবার বিকালে এ সংঘর্ষে জামবু চড়াই নামের ওই ব্যক্তি আহত হন। শনিবার সকালে হাসপাতালে তার মৃত্যু হয়। জামবু বদ্ধপুর গ্রামের লতিফ চাড়াইয়ের ছেলে।
আহত মোকলেছ ও লজিবর রহমানকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ সাহাপুর গ্রামের মুকুল হোসেন (২৯) ও মাসুদাক (৩০) গ্রেপ্তার করেছে।
ধামইরহাট থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাহাপুর গ্রামের মুনসুর ও মাসুদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে।
শুক্রবার বিকেলে বিরোধপূর্ণ জমিতে মাসুদ ধান রোপনের জন্য ক্ষুদ্র নৃ গোষ্ঠরি একদল শ্রমিক নিয়োগ করেন।
এ সময় মুনসুরের লোকজন শ্রমিকদের উপর হামলা করলে তারাও তীর-ধুনুক নিয়ে পাল্টা হামলা চালায়।
এতে জামবু চড়াই, মোকলেছ ও লজিবর রহমান গুরুতর জখম হন। বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার সকাল ৮টায় জামবু চড়াইয়ের মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, এ ঘটনায় নিহতের ভগ্নিপতি রবি হাসদা বাদী হয়ে ২৬ জনের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২০ ঘ.
bdnews24