চাঁদপুর, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় শুক্রবার রাতে একটি বাড়িতে ডাকাতি শেষে গৃহকর্তার মেয়েকে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা।
আষ্ট্রা গ্রামের এ ডাকাতির সময় গৃহকর্ত্রী আহতও হন। তাকে এবং তার মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১টার দিকে ওই গ্রামের এক সৌদিপ্রবাসীর বাড়িতে ৮/৯ জন ডাকাত ঢোকে।
এ সময় বাধা দিলে তারা আঘাত করে গৃহকর্ত্রীর (৩৫) মাথায় জখম করে আলমারির চাবি নেয়। এরপর ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট করে।
পুলিশ কর্মকর্তা বলেন, যাওয়ার সময় তারা মেয়েটিকে (১৮) ঘরের বাইরে নিয়ে ধর্ষণ করে। পরে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে যায়।
আহত গৃহিনী পুলিশকে বলেন, মনজুর আলম নামে তাদের প্রতিবেশীর এক যুবক তাদের বাড়িতে ডাকাত পাঠিয়েছে।
ওই যুবক তার মেয়ের মোবাইল ফোনে প্রায়ই উত্ত্যক্ত করত। এ কারণে বকা দেওয়ায় সে প্রতিশোধ নিয়েছে, অভিযোগ করেন তিনি।
ঘটনার পর থেকে মনজুর পলাতক আছেন। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানান এসআই সফিকুল আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৯৫৫ ঘ.
bdnews24