২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ থেকে ‘খাবার অযোগ্য’ চাল জামালপুরে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ খাদ্য গুদাম থেকে পাঠানো ‘খাবার অনুপযোগী’ চাল জামালপুর থেকে ফেরত দিয়েছে সদর উপজেলা প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2012, 01:44 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

জামালপুর, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ খাদ্য গুদাম থেকে পাঠানো ‘খাবার অনুপযোগী’ চাল জামালপুর থেকে ফেরত দিয়েছে সদর উপজেলা প্রশাসন। ভিজিএফ-ভিজিডি’র জন্য বরাদ্দ এসব চাল শনিবার সকালে জামালপুরের সিংহজানী খাদ্য গুদামের জন্য আনা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা চালগুলো দেখে নামাতে নিষেধ করেন। জামালপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ঈদ উপলক্ষে জামালপুরে ২ লাখ ৭৫ হাজার ভিজিএফ ও ভিজিডি সুবিধাভোগীর প্রত্যককে ১০ কেজি করে চাল দেওয়ার কথা। এজন্য বরাদ্দ রয়েছে ২ হাজার ৭৫০ মেট্রিক টন চাল। ময়মনসিংহের ইশ্বরগঞ্জসহ বিভিন্ন খাদ্য গুদাম থেকে চাল জামালপুর পাঠানো হচ্ছে। তিনি বলেন, শনিবার সকালে সিংহজানী খাদ্য গুদামে পাঠানো চাল এত নিম্মমানের যে, মানুষ তো দূরের কথা কোনো সুস্থ পশুর পক্ষেও এসব চালের ভাত খাওয়া সম্ভব নয়। তিনি আরো বলেন, ঈশ্বরগঞ্জ খাদ্য গুদাম থেকে তিন ট্রাক নিম্মমানের চাল আসছে খবর পেয়ে তিনি সেখানে যান। এরপর বিষয়টি তিনি জেলা প্রশাসক, জেলা খাদ্য নিয়ন্ত্রক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। জামালপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন সাংবাদিকদের বলেন, ঈশ্বরগঞ্জ খাদ্য গুদাম থেকে পাঠানো চাল মানসম্মত না হওয়ায় ফেরত দেওয়া হয়েছে। “সরকারিভাবে পুরাতন চাল আগে বিতরণ করার নিয়ম রয়েছে। তবে যেসব চাল পাঠানো হয়েছে তা মানুষের খাবার অনুপোযোগী ছিল,” বলেন তিনি। জামালপুর সদরের ইউএনও লুৎফুন নাহার বলেন, তিনি গিয়ে দেখেন ঈশ্বরগঞ্জ থেকে পাঠানো তিন ট্রাক চালের সবগুলো অতি নিম্মমানের। মানুষের খাওয়ার অনুপোযোগী। এছাড়া চালগুলোয় প্রচুর পোকাও ছিল। তাই গ্রহণ না করে ফেরত দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৪ ঘ.