ঠাকুরগাঁও, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেতাদের জামানত হারানোর ভয় থেকে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে চাচ্ছে না বলে মনে করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার নিজের জেলা ঠাকুরগাঁওয়ে বিএনপির এক সভায় তিনি বলেন, “তত্ত্ব¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের সব নেতার জামানত বাজেয়াপ্ত হবে। এজন্য সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পাচ্ছে।”
দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না ঘোষণা দিয়ে নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন গড়ে তুলতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মুখপাত্র।
তিনি বলেন, “এই সরকারের প্রতি দেশের মানুষের আর আস্থা নেই। সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। দেশের মানুষকে একটু স্বস্তি- দিতেও তারা ব্যর্থ।”
সভায় বিএনপি নেতা-কর্মীদের দলীয় শৃঙ্খলা মেনে চলার পরামর্শ দেন ভারপ্রাপ্ত মহাসচিব।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক তৈমুর রহমান, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, যুবদলের আহ্বায়ক মহেবুল্লাহ আবু নূর ও মহিলা দলের আহবায়ক ফোরাতুন নাহার।
সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়া তহিদুল ইসলাম, দানেশ আলী, সাজেদুর রহমান ও মজিদুল ইসলামকে সভায় দলের জেলা কমিটিতে অন্তর্ভুক্তির সিদ্ধান্তও হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০৪ ঘ.
bdnews24