চট্টগ্রাম, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম আদালত ভবন এলাকায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ চৌমুহনী থেকে নুরুল আবছার নামে পালিয়ে যাওয়া ওই আসামিকে গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালি থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বুধবার পালিয়ে যাওয়ার পর থেকে আবছার কক্সবাজার, পতেঙ্গাসহ নগরীর বিভিন্ন স্থানে পালিয়ে ছিল। পরে আগ্রাবাদে নিজ বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে ধরা হয়েছে।
গত বুধবার বেলা সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম আদালত ভবনে হ্যান্ডকাফ খুলে হাজতে ঢোকানোর সময় দৌড়ে পালিয়ে যান আকছার।
গত মঙ্গলবার রাতে নগরীর টাইগার পাস এলাকা থেকে ছূরিসহ তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলাও হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩২০ ঘ.
bdnews24