২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্যবস্থা নিলে আবার লোক পাওয়া যায় না’

রেলে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলেও জনবল সঙ্কটের কথা মনে করে তা নিতে পারেন না বলে জানালেন মন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2012, 06:31 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

গাজীপুর, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলে অনিয়মের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলেও জনবল সঙ্কটের কথা বিবেচনা করে পিছু হটতে হয় বলে জানালেন রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনে সাংবাদিকদের কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন তিনি। মন্ত্রী বলেন, “লোকবল সঙ্কটের কারণে এই বিভাগে কিছু লোক অনিয়ম করেও পার পেয়ে যায়। ব্যবস্থা নিলে সেখানে বিকল্প কোনো লোক পাওয়া যায় না।” তবে রেলে জনবল সঙ্কট মোচনে আগামী কয়েক মাসের মধ্যে ১১ হাজার লোক নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি। ওবায়দুল কাদের সকালে সদর উপজেলার মীরের গাঁওয়ে যান। গত বৃহস্পতিবার ওই এলাকায় রেল লাইনের পাশে তিনটি লাশ পাওয়া যায়। গত এক মাসে রেল লাইনের পাশে ১২টি লাশ উদ্ধার নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রতিবেদন প্রকাশের দুদিন পর ওই এলাকা পরিদর্শনে যান মন্ত্রী। ওই এলাকায় দেড় কিলোমিটারের মধ্যে গত এক সপ্তাহে পাঁচটি এবং এক মাসে ১২টি লাশ পাওয়া গেছে। এই মৃত্যুগুলোর সঠিক কারণ খুঁজে পাওয়া না গেলেও এর পেছনে ছিনতাইয়ের যোগসূত্র রয়েছে বলে স্থানীয়দের ধারণা। রেল লাইনের পাশে লাশ পাওয়ার ঘটনার জন্য রেল কর্মকর্তাদের গাফিলতিকে দায়ী করে ওবায়দুল কাদের বলেন, “ওরা বসে বসে দুর্নীতি করে।” এক পর্যায়ে মন্ত্রী তার মোবাইল ফোনে রেলওয়ের এক কর্মকর্তাকে কল করে বলেন, “অফিসে বসে ঈদ উৎসব কর! এখানে লোক মরছে, তোমাদের কোনো উদ্যোগ নেই?” রেললাইনের পাশে লাশ পড়ে থাকার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, “এর পেছনে একটা কারণ লুকিয়ে আছে। ছিনতাইকারীরা গাজীপুরের শুধু ওই অংশেই কেন লাশ ফেলছে, তা খতিয়ে দেখতে হবে।” বিষয়টি তদন্ত করতে মন্ত্রীর নির্দেশে রেল মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মোস্তফাকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. শাহজাহান মিয়া ও রেলওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) মো. সোহরাব হোসেন। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সন্ত্রাসীরা যাতে ট্রেনে এবং ট্রেনের ছাদে উঠতে না পারে তার জন্য নিরাপত্তাকর্মীদের নজরদারি বাড়ানোর নির্দেশ দেন মন্ত্রী। তিনি বলেন, ট্রেনের নিরাপত্তা বিধানে এবং অপরাধীদের সনাক্ত করতে ট্রেনের ভেতরেও গোয়েন্দা থাকবে। মীরের গাঁও এলাকায় রেল পুলিশের একটি অস্থায়ী ক্যাম্প স্থাপনের নির্দেশও দেন মন্ত্রী। গাজীপুরের পাশাপাশি টাঙ্গাইল জেলা প্রশাসনকেও এই বিষয়ে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি। যাত্রীদের ট্রেনের ছাদে ভ্রমণ করতে বারণ করেছেন ওবায়দুল কাদের। মীরের গাঁও থেকে মন্ত্রী জয়দেবপুর রেলজংশনে আসেন। মন্ত্রীর সঙ্গে ছিলেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. শাহজাহান মিয়া, ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সরদার শাহদত আলী, গাজীপুরের অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) শাহনওয়াজ দিলরুবা খানসহ রেল ও পুলিশের কর্মকর্তারা। রেল বিভাগ দীর্ঘদিন ধরে অবহেলা ও উপেক্ষার স্বীকার বলে মন্তব্য করেন কাদের। “ট্রেন সত্যিকার অর্থে গরিব হয়ে পড়েছে। রেল বিভাগের এ সমস্যাগুলো অনেক বছরের পুরানো। এগুলো রাতারতি পরিবর্তন করা যাবে না।” মানুষ এখন অল্প পয়সায় নিরাপদ ভ্রমণের জন্য ট্রেনকে প্রাধান্য দিচ্ছে উল্লেখ করে কাদের বলেন, রেলের উন্নয়নে আগামী বছর বেশকিছু কোচ ও ইঞ্জিন আনা হচ্ছে। জানুয়ারিতে দ্বিমুখী শাটল ট্রেনও আসছে। যানজটের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, মহাসড়কে চাঁদাবাজি যানজটের অন্যতম কারণ। যে-ই চাঁদাবাজি করবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজদের ব্যাপারে প্রধানমন্ত্রীর ‘জিরো টলারেন্স’র কথাও উল্লেখ করেন তিনি। ফেরার পথে ওবায়দুল কাদের গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশে কাঁচাবাজার ও অস্থায়ী দোকানপাট দেখে অসন্তোষ প্রকাশ করে তা তুলে দিতে পুলিশকে নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৭১৫ ঘ.