বাগেরহাট, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. আতাহার আলী তরফদার ওরফে ‘পরান ডাকাতকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে চিতলমারী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
বাগেরহাট মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আতাহার আলী তরফদার ওরফে পরান সুন্দরবনের ‘পরান’ বাহিনীর প্রধান।
পুলিশের তারিকাভুক্ত এই সন্ত্রাসীর বিরুদ্ধে বাগেরহাট সদর, রামপাল, মোরেলগঞ্জ ও পিরোজপুর সদর থানায় অন্তত দশটি হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, প্রতারণা ও সরকারি সম্পদ আত্মসাতের মামলা রয়েছে বলে তিনি জানান।
তিনি জানান, বুধবার তার বাড়ি থেকে একটি পাইপগান ও দুই গাইট থান কাপড় উদ্ধার করে পুলিশ। এ সময় তিনি পালিয়ে যান। গত ইউপি নির্বাচনে সদর উপজেলার ডেমা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন।
তিনি সুন্দরবনের আশপাশ এলাকায় পরান ডাকাত হিসেবে পরিচিত বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১১৫ ঘ.
bdnews24