২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন-বোনাস না পেলে মালিকের বাড়ি ঘেরাও

ঈদের আগে সকল শ্রমিকের বকেয়া বেতন ও বোনাস দেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2012, 02:30 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

নারায়ণগঞ্জ, অগাষ্ট ১০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগে সকল শ্রমিকের বকেয়া বেতন ও বোনাস দেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের চাষাড়ায় শহীদ মিনারে এক সমাবেশে নেতারা বলেন, বেতন-বোনাস না দিলে কারখানা মালিকের বাড়ি ঘেরাও করা হবে। সমাবেশ শেষে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ (স্কপ) শহরে বিক্ষোভ মিছিল করে। স্কপের জেলা সমন্বয়কারী মাহমুদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, গার্মেন্টস টেক্সটাইল ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল, ওয়ার্কার্স পার্টির নেতা হিমাংশু সাহা প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, অনেক প্রতিষ্ঠানই শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করেনি, নানা টালবাহানা করছে। যদি ঈদের আগে বকেয়া বেতনসহ অগাস্ট মাসের বেতন পরিশোধ না করা হয় এবং বেতনের সমপরিমাণ বোনাস পরিশোধ না করা হয় তাহলে কারখানা মালিকদের বাড়ি ঘেরাও করা হবে। এছাড়া একই দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। শুক্রবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটির বিসিক শিল্পনগরীতে মিছিল শেষে সংগঠনের কার্যালয়ের সামনে সমাবেশ করে সংগঠনের নেতাকর্মীরা। সংগঠনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি নুরে আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাহারানে সুলতান বাহার, মোহাম্মদ মহসিন মিয়া, মাসুদ রানা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০১৮ ঘ.