খাগড়াছড়ি, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় শুক্রবার বন্য ভালুকের আক্রমণে তিন পাহাড়ি গ্রামবাসী আহত হয়েছেন।
এরা হলেন বিভীষণ ত্রিপুরা (২০), উষা মারমা (৪৫) ও দীপন চাকমা (২৮)। তাদের জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লতিবান ইউনিয়ন পরিষদ সদস্য উষাতন মারমা ও শ্যামল কান্তি খীসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ভোরে উল্টাছড়ি ইউনিয়নের কার্বারী চিক্কোমনি চাকমার পাহাড়ে ভালুক আসার খবর পেয়ে এলাকাবাসী সেটিকে মারতে যায়। এ সময় ভালুকটি গ্রামবাসীকে আক্রমণ করে।
সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক পূর্ণ জীবন চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত উষা মারমার অবস্থা গুরুতর। তার মাথায় গুরুতর জখম হয়েছে।
আহত দীপন চাকমা বলেন, হামলা চালিয়ে ভালুকটি আবার পাহাড়ে ফিরে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৫ ঘ.
bdnews24