ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানের শেষ দিনগুলোয় বিশেষ ইবাদত ও ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপার্সন। রাজকীয় প্রটোকল কর্মকর্তা এবং মদিনা বিএনপির নেতারা বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। এরপর তাকে জেদ্দায় রাজকীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়।
শুক্রবার মসজিদুল হারামে জুমার নামাজ আদায় শেষে খালেদা জিয়া মদিনায় যাবেন। সেখানে মসজিদে নব্বীতে বিশেষ ইবাদতে বসবেন বিরোধী দলীয় নেতা। পরে তিনি ওমরাহ পালন করতে মক্কায় যাবেন।
বুধবার রাতে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে রওনা হন খালেদা জিয়া।
এই সফরে ছোট ভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা, ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমানসহ পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন।
মারুফ কামাল খান বলেন, সৌদি বাদশাহর রাজকীয় মেহমান হিসেবে বিরোধী দলীয় নেতা এই সফর করছেন। ২৭ রমজান শবে কদর পালন শেষে তিনি দেশে ফিরবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৩৫৭ ঘ.
bdnews24