চট্টগ্রাম, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফৌজদারহাটে দুর্ঘটনার কারণে আট ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে।
ফৌজদারহাটের একটি লেভেল ক্রসিংয়ে একটি ট্রাককে ধাক্কা দেওয়ার পর নাসিরাবাদ এক্সপ্রেসের ইঞ্জিন ও দুটি বগি পড়ে গেলে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বন্দরনগরীর সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ঈদের কয়েকদিন আগে এ দুর্ঘটনার ফলে চট্টগ্রাম স্টেশনে ৬টি ট্রেনের যাত্রা বিলম্বিত হয়। ঢাকা ও সিলেট থেকে চট্টগ্রামমুখী তিনটি ট্রেন আটকা পড়ে বিভিন্ন স্টেশনে।
পূর্ব রেলের বিভাগীয় ট্রাফিক কর্মকর্তা জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধারকারী ট্রেনের সহায়তায় দুর্ঘটনা কবলিত ইঞ্জিন ও বগি সরিয়ে নেওয়ার পর বেলা সাড়ে ১২টার দিকে ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে যায়। এরপর পৌনে ১টার দিকে ছেড়ে যায় ঢাকাগামী আন্তঃনগর ট্রেন মহানগর প্রভাতী।
আপাতত ফৌজদারহাট লেভেল ক্রসিংয়ের বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল করছে বলে জাকির হোসেন জানান।
তিনি বলেন, “এখন একটি লাইন দিয়েই চট্টগ্রাম স্টেশনে ট্রেন যাওয়া আসা করবে। নাসিরাবাদ এক্সপ্রেসের বগিগুলো উদ্ধারের কাজ চলছে। সেগুলো লাইন থেকে সরিয়ে নেওয়া গেলে পুরোপুরিভাবে লাইন ক্লিয়ার হবে।”
চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক সামশুল আলম জানান, দুর্ঘটনার কারণে ছয়টি ট্রেন বিলম্বিত হলেও যাত্রা বাতিল করা হয়েছে কেবল চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেসের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বাকি ট্রেনগুলো দেরিতে হলেও স্টেশন ছেড়ে যাবে বলে আশা করছি।”
দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে বিভাগীয় ট্রাফিক কর্মকর্তা জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিমেন্টবাহী একটি ট্রাক ফৌজদারহাটের ওই লেভেল ক্রসিংয়ে উঠে আটকে গিয়েছিল। ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেসের চালক ক্রসিংয়ে পৌঁছে ট্রাকটি দেখলেও থামাতে পারেননি। সংঘর্ষের পর ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইন থেকে বেরিয়ে পড়ে যায়।”
এতে ট্রেনের কয়েকজন যাত্রী আহত হন বলে জানান তিনি।
দুর্ঘটনার কারণ তদন্তে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী (সিগন্যাল ও টেলিযোগাযোগ) সুশীল কুমার হালদারকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটির বাকি তিন সদস্য হলেন- বিভাগীয় ট্রাফিক কর্মকর্তা জাকির হোসেন, বিভাগীয় প্রকৌশলী-১ মুহিউদ্দিন আরিফ ও বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ।
জাকির হোসেন বলেন, “বিষয়টি খতিয়ে দেখে আমরা শিগগিরই প্রতিবেদন দেব।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১২৫০ ঘ.
bdnews24