ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার উপসচিবসহ প্রশাসনের নয় কর্মকর্তার পদে রদবদল হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়।
এদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব এসএম জাকির হোসেনকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য পদে প্রেষণে নিয়োগ এবং ওএসডি উপসচিব নাদিরা তাবাসসুমকে অর্থ বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।
আঞ্চলিক সেটেলমেন্ট কর্মকর্তা (জেডএসও) পদে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিনুল্লাহ’র বদলির আদেশ বাতিল করে তাকে তার আগের পদেই বহাল রাখা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক আব্দুস সালাম সরকারের (প্রশাসন) প্রেষণ প্রত্যাহার পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মাসুম আহমেদকে বস্ত্র ও পাটমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ করা হয়েছে।
এ ছাড়া মাগুরার শালিখার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানিকহার রহমান পিরোজপুর, ফরিদপুরের চরভদ্রাসনের ইউএনও আব্দুর রশীদকে ঝালকাঠী এবং পঞ্চগড়ের আটোয়ারির ইউএনও শামসুল আজমকে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নিয়োগ করা হয়েছে।
রাজশাহী সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে নওগাঁর মহাদেবপুরের ইউএনও মো. আখতারুজ্জামানকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২১২৮ ঘ.
bdnews24