বরিশাল, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীর শিক্ষক জিন্নাত আলী হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বুধবার বরিশালের জেলা ও দায়রা জজ এ কে এম সলিমউল্ল্যাহ এ রায় দেন।
দণ্ডিত রুপম কৃষ্ণ দে ওরফে রুপা (২২) নগরীর বাজার রোড এলাকার প্রয়াত কৃষ্ণ চন্দ্র দে’র ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী মো. ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৬ নভেম্বর নগরীর রুপাতলী এলাকার গাউছিয়া সড়কের মুখে ছুরিকাঘাতে নিহত হন এ ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জিন্নাত আলী।
ওই ঘটনায় তার স্ত্রী কাজী শিরিন আক্তার কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন।
গত বছরের ২৭ ডিসেম্বর দু’জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
মামলার নথি থেকে জানা যায়, মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগে নগরীর কাউনিয়া থানায় রূপমের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছিলেন জিন্নাত আলী। এ কারণে রুপম এ হত্যাকাণ্ড ঘটায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডডি/২০০৭ ঘ.
bdnews24