খুলনা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা মহানগরী থেকে সেনা বাহিনীর লেফটেন্যান্ট পরিচয়দানকারী ভুয়া সেনা কর্মকর্তাসহ একটি প্রতারক চক্রের দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার সকাল ১১টার দিকে এ দু’জনকে মহানগরীর শহীদ হাদিস পার্কের কাছে এসএ পরিবহন থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সেনা বাহিনীর লেফটেন্যান্ট পরিচয়দানকারী ভুয়া সেনা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক (৪২) ও তার সহকারী মো. হাবিবুর রহমান (৩৫)।
আব্দুর খুলনার রূপসা উপজেলার বাগান বাড়ী গ্রামের শেখ রুস্তম আলীর ছেলে এবং হাবিবুর গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার নীলফা গ্রামের আহসান উল্লাহর ছেলে।
র্যাব-৬ খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মোদাচ্ছের হোসেন জানান, এদের চক্র সারা দেশে প্রতারণা করছে। চাকরি দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।
“এ চক্রের প্রধান কক্সবাজারে রয়েছেন।”
মোদাচ্ছের জানান, চাকরি দেওয়ার কথা বলে নওগাঁর এক ব্যক্তির কাছ থেকে ৭৭ হাজার টাকা নেয় তারা।
পরে আরো ৪০ হাজার টাকা দাবি করলে ভুক্তভোগী ব্যক্তি র্যাবকে জানায়।
র্যাব-৬ এর সদস্যরা বুধবার সকাল থেকে সাদা পোশাকে এসএ পরিবহন এলাকায় ওৎ পেতে থাকে।
নওগাঁর ওই ব্যক্তি পাঠানো ৪০ হাজার টাকা এসএ পরিবহন থেকে উত্তোলনের সময় হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এ ঘটনায় মামলা হয়েছে এবং তাদের খুলনা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৩২ ঘ.
bdnews24