নোয়াখালী, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি গ্রামে ডাকাতের গুলিতে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
নিহত মো. হাসানুজ্জামান (২০) চৌমুহনী সরকারি এসএ কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। বেগমগঞ্জের পূর্ব ভবানী জীবনপুর গ্রামের আবদুর রহমানের ছেলে তিনি।
বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমজাদ হোসেন জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে ১০/১২ জন অস্ত্রধারী ডাকাত পূর্ব ভবানী জীবনপুর গ্রামে আবদুর রহমানের বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা ২৫ হাজার টাকা, আট ভরি সোনার গহনা, চারটি মোবাইল সেটসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করে।
এ সময় আবদুর রহমানের কলেজ পড়–য়া ছেলে হাসান কয়েকজনকে চিনে ফেলায় ডাকাতরা তার বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে। পরে আশপাশের লোকজনের চিৎকারে ডাকাতরা পালিয়ে যায়।
এসআই আমজাদ জানান, বুধবার সকাল ১১টায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩১৬ ঘ.
bdnews24