ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে কাজ করতে এনজিওগুলোকে বাধা না দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের উদ্বাস্ত বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
তিনটি এনজিওকে রোহিঙ্গাদের মধ্যে কাজ বন্ধ করতে বাংলাদেশ সরকারের নির্দেশের খবর প্রকাশের প্রতিক্রিয়ায় মঙ্গলবার এই আহ্বান জানানো হয়।
জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ইউএনএইচসিআরের মুখপাত্র অ্যাড্রিয়ান এডওয়ার্ডস বলেন, “যদি এই নির্দেশ (বাংলাদেশ সরকার) কার্যকর হয়, তাহলে মিয়ানমারের ৪০ হাজার শরণার্থীর জীবনে তা মারাত্মক প্রভাব ফেলবে, যারা গত কয়েক বছরে মিয়ানমার থেকে পালিয়ে লেদা ও কুতুপালংয়ে আশ্রয় নিয়েছিলেন।”
মেডিসিনস সাঁ ফ্রঁতিয়ার্স, অ্যাকশন সেন্টার লা ফেইম ও মুসলিম এইড ইউকে- এই তিনটি এনজিওকে রোহিঙ্গা শরণার্থী শিবিরে কাজ বন্ধ করতে কক্সবাজারের স্থানীয় প্রশাসন সম্প্রতি নির্দেশ দেয় বলে বিবৃতিতে বলা হয়।
দুই যুগ ধরে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের অধিকাংশ কক্সবাজারে রয়েছে। এর মধ্যে দুটি শরণার্থী শিবিরে রয়েছে প্রায় ৩০ হাজার। এছাড়া অনিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ৫ লাখের বেশি বলে সরকারের বিভিন্ন সংস্থার ধারণা।
গত জুন মাসে মিয়ানমারে জাতিগত সংঘাত দেখা দিলে মিয়ানমার থেকে দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকতে চেষ্টা চালায়। তবে বাংলাদেশ এবার তাদের আশ্রয় দেয়নি, যার সমালোচনা করে আসছে জাতিসংঘ।
বাংলাদেশ সরকারের বক্তব্য, দীর্ঘদিন ধরে বিশাল সংখ্যক রোহিঙ্গাদের ভার বহন করা সম্ভবপর নয়। পাশাপাশি রোহিঙ্গাদের মধ্যে কাজ করা কিছু এনজিও কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলা হয়।
রোহিঙ্গাদের মধ্যে অনেক জঙ্গি তৎপরতায় জড়িত বলেও গোয়েন্দা তথ্য পাওয়ার কথা পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সংসদে জানান।
ইউএনএইচসিআর রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে কাজে এনজিওগুলোকে বাধা না দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, এটা হলে তা শুধু শরণার্থীই নয়, স্থানীয় দরিদ্র বাংলাদেশিদের জীবনমানের উন্নয়নে কার্যক্রমেও প্রভাব ফেলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/২২৩৫ ঘ.
bdnews24