আধুনিক মৎস্য পরীক্ষাগার হচ্ছে সাভারে
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জাপানসহ উন্নত দেশগুলোতে মানসম্মত মাছ ও মাছজাতীয় পণ্য রপ্তানির আগে রাসায়নিক দূষণের উপস্থিতি পরীক্ষা করতে সাভারে অত্যাধুনিক পরীক্ষাগার নির্মাণ শুরু হতে যাচ্ছে।
মৎস্য অধিদপ্তর প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে ‘মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ পরীক্ষাগার, ঢাকা’ নামে এ পরীক্ষাগারটির স্থাপন করছে।
বুধবার সকালে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এর ভিত্তিস্থাপন করবেন। ‘বাংলাদেশে মৎস্যজাতীয় খাদ্য নিরাপত্তা এবং মানব্যবস্থাপনা শক্তিশালীকরণ (বেস্ট প্রকল্প)’ প্রকল্পের আওতায় এই পরীক্ষাগার হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানের মতো উন্নত বিশ্বের দেশগুলোতে মাছ এবং এই জাতীয় পণ্য রপ্তানির ক্ষেত্রে তাদের স্বীকৃতি দেওয়ার মতো (অ্যাক্রিডিটেশন) পরীক্ষাগার প্রয়োজন।
কিন্তু দেশে তা না থাকায় এই শূন্যতা দূর করতেই এই পরীক্ষাগার হচ্ছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক ছালেহ আহমদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশে বর্তমানে মৎস্য ভবনে ওপরের একটি তলায় একটিসহ তিনটি মৎস্য মান পরীক্ষাগার রয়েছে। অন্য দুটি হচ্ছে চট্টগ্রাম ও খুলনায়।
“কিন্তু এগুলো মাছ রপ্তানির আগে পরীক্ষা করে মান নিশ্চিত করতে ওই দেশগুলোর স্বীকৃতি দেওয়ার মতো আধুনিক নয়। এজন্য সরকার অত্যাধুনিক এ পরীক্ষাগার করছে,” বলেন ছালেহ আহমেদ।
এই পরীক্ষাগারে চিংড়িসহ মাছ ও মাছজাতীয় পণ্যের পরীক্ষা করে মানের ক্ষেত্রে ওই দেশগুলোর স্বীকৃতি পাওয়া যাবে, যা ওইসব দেশসহ বিশ্বের উন্নত দেশগুলোতে মাছ জাতীয় পণ্য রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২০১০ সালে মাছে নাইট্রোফিউরানের উপস্থিতি পাওয়ার পর ইইউ বাংলাদেশ থেকে মাছ নেওয়ার ক্ষেত্রে আপত্তি তোলে। সরকারও ইউরোপে মাছ ও মাছজাতীয় পণ্য রপ্তানি বন্ধ করে দেয়।
পরে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হয়ে তারা আবারো এসব পণ্য নেওয়া শুরু করে। তবে তারা তাদের স্বীকৃতি দেওয়ার মতো পরীক্ষাগার স্থাপন করে পরীক্ষা করে মাছ নেওয়ার শর্ত দেয়। এ শর্ত অনুযায়ী সরকার পরীক্ষাগারটি নির্মাণ করছে।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী লতিফ বিশ্বাস বলেন, মাছ ও মাছজাতীয় পণ্য রপ্তানির আগে এসব পণ্যে ক্লোরামফেনিকল ও নাইট্রোফিউরানসহ নিষিদ্ধ এন্টিবায়োটিক আছে কিনা, তা পরীক্ষা করতে হয়। তাদের ভোক্তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে মাছ ও এজাতীয় পণ্যে এসব নিষিদ্ধ রাসায়নিকের উপস্থিতি ইউরোপীয় ইউনিয়ন মেনে নেয় না।
ইইউ অবশ্য মাছে মান পরীক্ষায় বাংলাদেশের প্রস্তুতিতে সন্তুষ্ট হয়ে সম্প্রতি ২০ শতাংশ মৎস্য পণ্যের বাধ্যতামূলক পরীক্ষার শর্ত প্রত্যাহার করেছে।
মন্ত্রী বলেন, এ পরীক্ষাগার চালু হলে ওই সব দেশে মাছজাতীয় পণ্য রপ্তানিতে আর কোনো সমস্যা থাকবে না, আর রপ্তানিও আরো বাড়বে। এতে দেশের মানুষের জন্যও স্বাস্থ্যসম্মত মাছ ও মাছজাতীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা যাবে।
গত ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ ৯৬ হাজার ৪৬৯ মেট্রিক মাছ ও মাছজাতীয় পণ্য রপ্তানি করেছে। এতে ৪ হাজার ৬০৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে।
ছালেহ আহমদ জানান, এই পরীক্ষাগারটির অবকাঠামো নির্মাণে মোট সাড়ে ১২ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। মূল ভবন নির্মাণে ব্যয় হবে সাড়ে ৭ কোটি টাকা। বাকি টাকা ব্যয় হবে ভবনের বাইরের নির্মাণকাজ ও আনুষঙ্গিক খাতে।
পরীক্ষাগারের পুরো যন্ত্রপাতি সরবরাহ করবে ইইউ ও ইউনিডো। এ প্রকল্পটির অর্থায়নও করেছে এ দুটি সংস্থা।
