নরসিংদী, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর রায়পুরা উপজেলায় মঙ্গলবার টিকা দেওয়ার পর সাতমাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
দুর্গম চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামে এ ঘটনায় মৃত দেলোয়ার হোসেন স্থানীয় সিরাজ মিয়ার ছেলে।
নরসিংদীর সিভিল সার্জন ডা. আব্দুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টার দিকে এক উপজেলা স্বাস্থ্যকর্মী দেলোয়ার হোসেনের শরীরে পেন্টাভ্যালেন্ট নামের একটি টিকা দেন।
ডিপথেরিয়া, হুপিংকাশি, টিটেনাস, হেপাটাইটিস বি ও নিউমোনিয়া প্রতিরোধের ক্ষমতাসম্পন্ন এ টিকা দেওয়ার দুই ঘণ্টার মধ্যে শরীরে কাঁপুনি শুরু হয়ে শিশুটির মৃত্যু হয়।
ডা. আব্দুর রশীদ বলেন, “ভারতে তৈরি ওই ভ্যাকসিন ঢাকা থেকে জেলা সদরে আনার পর যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। ফলে তার গুণগত মান বজায় থাকার কথা।”
লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা যাবে বলেন তিনি জানান।
এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে ঘটনা তদন্তে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম ও ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানকে ওই গ্রামে পাঠানো হয়েছে বলে জানান নরসিংদীর জেলা প্রশাসক মো. ওবায়দুল আজম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৯৪৯ ঘ.
bdnews24