ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব পর্যায়ের তিন কর্মকর্তাকে হজের দায়িত্ব পালনের জন্য সৌদি আরবের মক্কা, মদিনা ও জেদ্দার হজ মিশনে সহকারী হজ কর্মকর্তা করা হয়েছে।
এ তিন কর্মকর্তার মধ্যে ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব কামরুল হাসানকে জেদ্দায়, উপসচিব (প্রশাসন) ড. মো. মহিউদ্দিনকে মক্কায় এবং উপসচিব (হজ) জাহাঙ্গীর আলমকে মদিনায় দায়িত্ব দেওয়া হয়েছে।
চলতি বছরের হজ শেষে আবার তারা নিজ নিজ দায়িত্বে ফিরে যাবেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক আদেশে চারজন উপসচিব এবং তিনজন জ্যেষ্ঠ সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করেছে।
উপসচিবদের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আব্দুল গাফফার খানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মানব উন্নয়নের জন্য স্বাক্ষরতা ও অব্যাহত শিক্ষা প্রকল্পে-২ উপ-পরিচালক হুমায়ুন কবিরকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব মাহবুবুর রহমানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে উপসচিব পদে পদায়ন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব উপসচিব ড. এনামুল হককে প্রেষণে নিয়োগ করা হয়েছে এনজিও ব্যুরোর উপ-পরিচালক পদে।
জ্যেষ্ঠ সহকারী সচিবদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত বিলকিস জাহান রিমিকে অর্থ বিভাগ এবং মুহাম্মদ আনিসুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। একই মন্ত্রণালয়ে ন্যস্ত জ্যেষ্ঠ সহকারী সচিব রফিকুল ইসলামকে রেলপথ বিভাগের সচিবের একান্ত সচিব নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৬২৭ ঘ.
bdnews24