গাজীপুর, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের দক্ষিণ শালনা এলাকার একটি বাড়ির সেফটি ট্যাংক থেকে চার বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সিয়াম (৪) জামালপুরের ইসলামপুর থানার বড় দেলীর পাড় গ্রামের নুর ইসলামের ছেলে। তারা দক্ষিণ শালনার মিয়াপাড়ার নুরুলের বাড়িতে ভাড়া থাকতো। নুর গাজীপুর সদরের মোগরখাল এলাকার রোজ সোয়েটার কারখনার নিটিং সুপারভাইজার।
এ ঘটনায় মঙ্গলবার সকালে পুলিশ বাড়ির মালিক নুরুল ইসলাম ও তার বাবা ফজর আলীকে জিঞ্জাসাবাদের জন্য আটক করেছে।
জয়দেবপুর থানার এসআই কামরুজ্জামান জানান, সোমবার রাত দু’টার দিকে নুরুল ইলামের বাড়ির ঢাকনা বিহীন সেফটি ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
সিয়ামের বাবা নুর ইসলাম জানান, গত শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে সিয়াম নিখোঁজ হয়।
সোমবার রাত দেড়টার দিকে ওই ট্যাংকে তল্লাশি চালিয়ে লাশটি উদ্ধার করা হয়।
সিয়ামের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
সিয়ামের বাবার ধারণা তার সন্তানদের সঙ্গে বাড়ির মালিকের সন্তানদের মধ্যে মনোমালিন্যের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪২৬ ঘ.
bdnews24