সাভার, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারের আশুলিয়ায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় এক গার্মেন্ট শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত জাকিরুল ইসলাম (২২) স্থানীয় জনরন সোয়েটার লিমিটেড কারখানায় কাজ করতেন। তিনি জামালপুর জেলার ইসলামপুর থানার তাড়তাপাড়া এলাকার আনিছুর রহমানের ছেলে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিশ্চিন্তপুর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির অটোরিকশা জাকিরুলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
পরে কারখানা কর্তৃপক্ষ জাকিরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৫৯ ঘ.
bdnews24