পটুয়াখালী, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব বিরোধের জেরে এক মাছ ব্যবসায়ীকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার ভোর পাঁচটার দিকে রফিক গাজী নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করে ওই ব্যবসায়ীকে দুমকি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকা-ে জড়িত থাকার সন্দেহে রফিককে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত জলিল ফকির (৪৭) পটুয়াখালীর দুমকি উপজেলার চর-গরবদী এলাকার মৃত শুলতান ফকিরের বড় ছেলে।
দুমকি থানা অফিসার ইনচার্জ জি এম শাহ্ নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার গভীর রাতে জলিলকে তুলে নিয়ে রফিক গাজী, তার ছেলে মনির গাজী ও তাদের সহযোগীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।
নির্যাতনের এক পর্যায়ে জলিলের বাম চোখ উৎপাটন করেছে বলে জানান ওসি।
নিহতের ছেলে আব্দুর রহিম ও শফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পটুয়াখালীতে মাছের ডাক ধরার জন্য সোমবার রাত দুইটার দিকে ঢাকা থেকে পটুয়াখালীগামী দোতলা লঞ্চ ধরতে বাড়ি থেকে রওনা হয় বাবা।”
“আমাদের বাড়ি থেকে লঞ্চঘাট যাওয়ার পথে রফিক গাজী, তার ছেলে এবং তাদের সহযোগীরা আমার বাবাকে ধরে তাদের বাড়িতে নিয়ে নির্মমভাবে খুন করেছে।”
ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
নিহত জলিলের স্ত্রী রাণী বেগম ছয় জনকে আসামি করে দুমকি থানায় একটি হত্যা মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২২৮ ঘ.
bdnews24