ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আমিনবাজারে মধুমতি মডেল টাউন প্রকল্পকে অবৈধ ঘোষণা করে দেওয়া হাই কোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ।
তবে ওই প্রকল্পের প্লটক্রেতাদের স্বার্থ রক্ষার যে নির্দেশনা হাই কোর্ট দিয়েছিল, আপিল বিভাগ তা বাতিল করে দিয়েছে।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হেসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ মঙ্গলবার এই রায় দিল।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা একটি রিট আবেদনে ২০০৫ সালের ২৭ জুলাই হাই কোর্ট সাভারের আমিনবাজারে মধুমতি মডেল টাউন প্রকল্পকে অবৈধ ঘোষণা করে। তবে সেখানকার প্লটক্রেতাদের স্বার্থ যাতে রক্ষা হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয় হাই কোর্ট। ওইদিন মেট্টো মেকার্সের দায়ের করা অপর একটি রিট আবেদন খারিজ করে দেয় আদালত।
২০০৪ সালের ১৪ অগাস্ট দায়ের করা বেলার ওই রিট আবদনে আমিন বাজারের অদূরে বন্যার পানি প্রবাহ এলাকা ভরাট করে বাস্তবায়ন করা ওই প্রকল্পের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। প্রকল্পটিতে রাজউকের অনুমোদন নেই বলেও রিটে বলা হয়।
মধুমতি মডেল টাউন প্রকল্পের মূল প্রতিষ্ঠান মেট্রো মেকার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেড, বেলা ও প্লটক্রেতারা হাই কোর্টের ওই রায়ের তিনটি অংশের বিরুদ্ধে তিনটি আপিলের আবেদন করে। ২০০৯ সালের ২৯ মার্চ আপিল বিভাগ ওই আবেদন শুনানির জন্য গ্রহণ করে।
এর মধ্যে মেট্রো মেকার্স তাদের আমিনবাজার প্রকল্প চালিয়ে যাওয়ার যে আবেদন করেছিল, তা খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। প্লটক্রেতাদের স্বার্থসংরক্ষণের আবেদনও খারিজ হয়ে গেছে। আর এ বিষয়টিই বেলার পক্ষে গেছে।
একইসঙ্গে হাই কোর্টে মেট্টো মেকার্সের দায়ের করা রিটের খারিজ আদেশের বিরুদ্ধেও বাদীপক্ষ আপিল করে। ওই আপিলটিও সকালে খারিজ হয়ে যায়।
এছাড়া এদিন রাজউকের করা একটি আবেদন নিষ্পত্তি করে দিয়েছে আদালত।
ওই প্রকল্পে যারা প্লট কিনেছেন তাদের স্বার্থরক্ষা সংক্রান্ত হাই কোর্টের রায়ের অংশটুকুর বিরুদ্ধে আপিল করেছিল বেলা। তাদের যুক্তি হচ্ছে, এ প্রকল্প জলাভূমি ধ্বংস করবে এবং রাজউকের মাস্টার প্ল্যানের পরিপন্থী।
আদালতে বেলার পক্ষে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম ও অ্যাডভোকেট ইকবাল কবির লিটন, মেট্রো মেকার্স-এর পক্ষে ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ব্যারিস্টার এবিএম ছিদ্দিকুর রহমান খান এবং প্লট ক্রেতাদের পক্ষে ব্যারিস্টার রফিক-উল হক ও ব্যারিস্টার আব্দুর রাজ্জাক শুনানি করেন।
রায়ের পর ইকবাল কবির লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আপিল বিভাগের এই যুগান্তকারী রায়ের ফলে মধুমতি মডেল টাউন অবৈধই রইলো। ফলে ঢাকার উপকণ্ঠের এই বন্যা প্রবাহ অঞ্চল রক্ষা পাবে। এতে ঢাকার জলাবদ্ধতা হ্রাস পাবে।
“অনেকক্ষেত্রেই দেখা যায়, গ্রাহকরা অননুমোদিত আবাসন প্রকল্প থেকেও প্লট বা ফ্ল্যাট ক্রয় করে। এই রায়ের ফলে এখন ক্রেতারা নিজেদের স্বার্থেই বিনিয়োগের পূর্বে সংশ্লিষ্ট প্রকল্পের আইনগত দিকগুলো খতিয়ে দেখবে। সর্বোপরি অননুমোদিত আবাসন প্রকল্পগুলো তাদের কার্যক্রম পরিচালনায় নিরুৎসাহিত হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/এইচএ/১৮২১ ঘ.
bdnews24