গাজীপুর, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদী প্রবাসী বাবার সঙ্গে ঈদ করার জন্য গাজীপুরে গ্রামের বাড়িতে এসে মসজিদের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার রাতে সদরের নলজানী এলাকার সৌদি প্রবাসী নুরুল ইসলাম ছেলে ফাহাদকে (১০) নিয়ে বাড়ির পাশের মসজিদে গেলে এই দুর্ঘটনা ঘটে।
প্রতিবেশী আলমাছ আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নুরুল ইসলাম কয়েকদিন আগে ঈদ করার জন্য সপরিবারে গ্রামের বাড়ি আসেন। সোমবার ইফতার শেষে মাগরিবের নামাজ পড়তে নুরুল ছেলেকে নিয়ে বাড়ির পাশের মসজিদে যান।
“নুরুল নামাজ পড়ার সময় ফাহাদ নির্মাণাধীন মসজিদ ভবনের তৃতীয় তলা থেকে পা পিছলে নিচে পড়ে যায়,” বলেন আলমাছ।
পরে স্থানীয়রা ফাহাদকে বোর্ডবাজারের তাইরুননেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০০১২ ঘ.
bdnews24