২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের পিটুনিতে হাত ভাঙল রিকশা চালকের

চান্দনা চৌরাস্তা এলাকায় সোমবার এক ট্রাফিক পুলিশের পিটুনিতে এক রিকশা চালকের হাত ভেঙে গেছে বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 06:07 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

গাজীপুর, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চান্দনা চৌরাস্তা এলাকায় সোমবার এক ট্রাফিক পুলিশের পিটুনিতে এক রিকশা চালকের হাত ভেঙে গেছে বলে অভিযোগ উঠেছে। ওই রিকশা চালকের নাম মো. ফারুক ( ২৮)। তার বাড়ি বগুড়ার জোড়গাছা কলেজ পাড়া এলাকায়। আহত ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত ৮টার দিকে তিনি চান্দনা চৌরাস্তা থেকে খালি রিকশা নিয়ে সদর উপজেলার নগপাড়ার বাসায় ফিরছিলেন। জাগ্রত চৌরঙ্গীর উত্তর পাশে কর্তব্যরত ট্রাফিক পুলিশের এক কনস্টেবল তাকে লাঠি দিয়ে আঘাত করে। ফারুকের বাম হাতের কনুইয়ের নিচে থেকে ভেঙে গেছে। তিনি স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। ফারুককে আঘাত করার পর অন্য রিকশা চালকরা ক্ষিপ্ত হয়ে ওঠলে ওই পুলিশ কনস্টেবল পালিয়ে যান বলে স্থানীয়রা জানায়। তারা কেউ ওই পুলিশ সদস্যের নাম বলতে পারেননি। এই বিষয়ে জানতে চাইলে মহাসড়ক পুলিশের নাওজোর ফাঁড়ির উপপরিদর্শক মো. ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাইওয়ে পুলিশের কেউ সেখানে ডিউটিতে ছিল না।” ট্রাফিক ইন্সপেক্টর মো. ফারুক বলেন, “এখানে থানা পুলিশসহ জেলা পুলিশ লাইনেরও অনেক পুলিশ ডিউটি করে। কিন্তু কে ওই আঘাত করেছে, তা বলতে পারছি না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩৫৪ ঘ.