ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতি’ তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৮ অগাস্ট সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইঞাকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) ডাকা হতে পারে।
কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে কমিশন চেয়ারম্যান গোলাম রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্ভবত ডাকা হচ্ছে।”
“এ বিষয়ে সর্বোচ্চ স্পষ্টতা চায় দুদক। তদন্তের স্বার্থে প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট যে কাউকে যে কোনো সময় ডাকা হতে পারে,” যোগ করেন তিনি।
পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ তোলার সময় মোশাররফ হোসেন সেতু বিভাগে ছিলেন। পরে তাকে সেখান থেকে সরিয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান করা হয়।
তবে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি দাবি করে গত ২৯ জুন বিশ্ব ব্যাংক তাদের অর্থায়ন বাতিলের পর মোশাররফ হোসেনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমআই/২০৩৩ ঘ.
bdnews24