ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্থাপিত মডেল আগামীতে জাতিসংঘের উন্নয়ন আলোচনায় স্থান করে নেবে বলে মনে করছেন ভারতের মন্ত্রী জয়রাম রমেশ।
রোববার রূপসী বাংলা হোটেলে জনগণের ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের পর যৌথ সংবাদ সম্মেলনে নিজের ধারণা তুলে ধরেন ভারতের পল্লী উন্নয়ন মন্ত্রী, যিনি অর্থনীতিবিদ হিসেবে সুপরিচিত।
জনগণের ক্ষমতায়ন ও উন্নয়নের প্রধান ইস্যুগুলো তুলে ধরে গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে শেখ হাসিনা তার শান্তি মডেল উপস্থাপন করেন।
’৯০ এর দশকে ভারতে অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে নেপথ্যে কাজ করে যাওয়া রমেশ বাংলাদেশের উন্নয়নেরও প্রশংসা করেন।
তিনি বলেন, “সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অর্জন ভারতসহ অনেক দেশের চেয়ে ভালো। অপেক্ষাকৃত কম অর্থনৈতিক সক্ষমতা নিয়েই এই অর্জন সম্ভবপর হয়েছে।”
হায়দরাবাদে ইন্ডিয়ান স্কুল অব বিজনেসের প্রতিষ্ঠাতা রমেশ বলেন, ২০১৫ সালের পর সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) স্থলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) প্রতিস্থাপিত হবে এবং তা সব দেশের জন্য প্রযোজ্য হবে।
“এমডিজি শুধু উন্নয়নশীল দেশের জন্য প্রযোজ্য, কিন্তু এসডিজি সব দেশের কাছেই নিজ কর্মের জবাবদিহি চাইবে,” বলেন বিশ্ব ব্যাংকের এক সময়ের এই কর্মকর্তা, যিনি ভারতের পরিকল্পনা কমিশনেও দায়িত্ব পালন করেন।
সম্মেলনের সুপারিশ
ঢাকায় দুই দিনের এই সম্মেলনে অনেক সুপারিশ এসেছে, যা নিউ ইয়র্কে বাংলাদেশের দূতাবাসের পক্ষ থেকে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রকে খসড়া আকারে দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সদস্যদের সম্মতি নেওয়ার পর খসড়াটি জাতিসংঘের মহাসচিবের কাছে জমা দেওয়া হবে এবং সেপ্টেম্বরে অনুষ্ঠেয় আগামী জাতিসংঘ সাধারণ পরিষদে উপস্থাপন করা হবে।”
“সদস্যদের গৃহিত জাতিসংঘ প্রস্তাব অনুযায়ী আমরা সম্মেলন আয়োজন করেছিলাম। ভবিষ্যত কর্মপন্থাও সদস্যদের সম্মতিক্রমে গৃহীত হবে,” বলেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, সম্মেলনে ৬২ দেশের প্রতিনিধিরা সাতটি মূল প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেছেন।
এর মধ্যে রয়েছে- দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণ, অসাম্য হ্রাস, বঞ্চনা কমানো, সবার জন্য কর্মসংস্থান সৃষ্টি, মানব উন্নয়ন ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের গতি বাড়ানো, উন্নয়ন বঞ্চিত মানুষকে উন্নয়ন কাজে অন্তর্ভুক্ত করা ইত্যাদি।
সন্ত্রাসবিরোধী কার্যক্রম
শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী জি এল পেইরিস বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় করতে পারে।
ভারতের মন্ত্রী জয়রাম রমেশের ধারণা, জনগণের ক্ষমতায়নই সন্ত্রাস নির্মূলে কার্যকর শক্তি হিসেবে কাজ করতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/এমআই/১৭৪১ ঘ.
bdnews24