ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রদূত নয়, পরিকল্পনা ও উন্নয়ন একাডেমীর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত সচিব একেএম আব্দুল আউয়াল মজুমদার।
রাষ্ট্রদূত নিয়োগের জন্য তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে জারি করা গত ১৭ মের আদেশটি সোমবার বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একইসঙ্গে তাকে পরিকল্পনা ও উন্নয়ন একাডেমীর দায়িত্ব দেওয়ার আদেশ জারি করা হয়েছে।
এছাড়া চারজন অতিরিক্ত সচিব, ১২ জন যুগ্ম-সচিব এবং একজন উপসচিবের পদে রদবদল আনা হয়েছে এদিন।
অতিরিক্ত সচিবদের মধ্যে পাটকল কর্পোরেশনের চেয়ারম্যান করে বদলির আদেশ হওয়া মো. ফরহাদ উদ্দিনকে আগের আদেশ বাতিল করে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার রাকিবুর রহমানকে প্রেষণে নিয়োগ করা হয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের মহাপরিচালক পদে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের মহাপরিচালক সরদার আবুল কালামকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক এনামুল হককে।
যুগ্ম-সচিবদের মধ্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক পদে বদলির আদেশ পাওয়া সীমা সাহাকে নৌপরিবহন মন্ত্রণালয়ে যুগ্ম-সচিব পদে বদলি করা হয়েছে। ওএসডি যুগ্ম-সচিব আব্দুর রউফ তালুকদারকে অর্থ বিভাগে সংযুুক্ত করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য শংকর প্রসাদ দেব এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব বাইতুল আমিন ভূঁইয়াকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের পরিচালক আতাউর রহমানকে ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আরশাদ হোসেনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
ডিপিডিসি পরিচালক পদে বদলির আদেশ পাওয়া যুগ্মসচিব একেএম শাহীদুর রহমান পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য, ওএসডি যুগ্ম-সচিব উসমান আমিনকে স্টেংদেনিং অব হাইড্রোকার্বন ইউনিটি (পর্যায়-২) এর মহাপরিচালক ও প্রকল্প পরিচালক, ওএসডি যুগ্ম-সচিব জিন্নাতুল হককে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্ম-সচিব ময়জুল সাহান খানকে শেরেবাংলানগরে বিনিয়োগ বোর্ডের সদর দপ্তরের জন্য ১৪তলা ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
ওএসডি যুগ্ম-সচিব আনোয়ার হোসেনকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক এবং ওএসডি যুগ্ম-সচিব শামসুল আরেফিনকে দুদকের মহাপরিচালক নিয়োগের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের ন্যস্ত করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসেনকে বিআরটিএ’র উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৭১০ ঘ.
bdnews24