চট্টগ্রাম, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের চকবাজার এলাকায় একটি মার্কেটে ভাংচুরের ঘটনায় ইসলামী ছাত্র শিবিরের ৮০ কর্মীকে আসামি করে মামলা করেছেন এক ব্যবসায়ী।
রোববার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চক সুপার মার্কেটে ব্যাপক ভাংচুর করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আট শিবির কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসাইন জানান, ওই সুপার মার্কেটের ব্যবসায়ী আব্দুর রশিদ বাদী হয়ে গ্রেপ্তার আটজনসহ ৮০ শিবিরকর্মীর বিরুদ্ধে এ মামলা করেছেন।
গ্রেপ্তার আটজন হলেন- রিয়াজ উদ্দিন (১৮), মিজানুর রহমান (৩২), মুজিবর রহমান (২৪), নূরুল মোস্তাকিন রুমান (১৯), মো. মহসিন (১৯), মো. মহসিন (২২), মো. রহিম (২১), মো. মঈনুদ্দীন রোমেল (২১), আনোয়ারুল করিম (২২)।
এসআই জাকির জানান, রাত সাড়ে ১০টার দিকে চক সুপার মার্কেটের একটি দোকানে বেল্ট কিনতে গিয়ে চট্টগ্রাম কলেজের কয়েকজন শিক্ষার্থী কর্মচারীদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ায়। এক পর্যায়ে তারা টেলিফোনে অন্যদের বিষয়টি জানালে কলেজ ছাত্রাবাস থেকে শিবিরকর্মীরা গিয়ে মার্কেটের সাত থেকে আটটি দোকানে ভাংচুর চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএইচ/জেকে/১৩২৫ ঘ.
bdnews24