ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধ প্রভাব খাটিয়ে অর্থ সংগ্রহ ও খরচের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে করা মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি চতুর্থবারের মতো পিছিয়েছে।
রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এই মামলার প্রধান আসামি খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় এই শুনানি পিছিয়ে গেলেও বিচারক মো. জহুরুল হক আগামী ২৮ অগাস্ট পুনরায় শুনানির দিন ঠিক করেছেন।
সময় আবেদনে বিএনপি চেয়ারপারসন বলেছেন, নিরাপত্তাজনিত কারণে তিনি আদালতে হাজির হতে পারছেন না।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি কেনায় আর্থিক অনিয়মের অভিযোগে তেজগাঁও থানায় ২০১১ সালের ৮ অগাস্ট এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলায় বিএনপির চেয়ারপারসনের পাশাপাশি তার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, রাজনৈতিক সচিবের এপিএস জিয়াউল ইসলাম মুন্না, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার এপিএস মনিরুল ইসলাম খানকে আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্তরা পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যাবহার করে ৭ কোটি ৮০ লাখ ৮৯ হাজার ৫২৯ টাকা আত্মসাত করেছেন।
২০০৫ সালের ৯ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত সোনালী ব্যাংকের প্রধানমন্ত্রী কার্যালয় শাখা থেকে এই টাকা তুলে আত্মসাত করা হয় বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।
এজাহারে বলা হয়, কাকরাইলের সুরাইয়া খানম নামে এক নারীর কাছ থেকে ৪২ কাঠা জমি কেনার সময় জমির দামের চেয়ে অতিরিক্ত ১ কোটি ২৫ লাখ ৯৩ হাজার টাকা আত্মসাতের উদ্দেশ্যে যোগসাজশের মাধ্যমে জমির মালিককে দেওয়া হয়, যার কোনো উৎস জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দেখাতে পারেনি।
এদিকে আয়কর ফাঁকির মামলায় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন একই বিচারক।
রোববার এ মামলায় কোকোকে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিলের দিন ছিল। কিন্তু কোকোকে তার ঠিকানায় পাওয়া যায়নি বলে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ।
আরাফাত রহমান কোকো বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার আমলে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। পরে সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়ে ব্যাংকক গিয়ে আর ফেরেননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২৩২৫ ঘ.
bdnews24