চট্টগ্রাম, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম রেল স্টেশনে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরুর পর প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে।
রোববার সকাল ৯টা থেকে শুরু হবার তিন ঘন্টার মধ্যেই ১৪ অগাস্ট চট্টগ্রাম থেকে ঢাকাসহ সকল রুটের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়ে যায় বলে জানান চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার সামসুল আলম।
তিনি বলেন, কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা ছাড়াই প্রথম দিনের মতো ট্রেনের টিকিট বিক্রি শেষ হয়েছে। প্রথমদিনে আগামী ১৪ অগাস্টের জন্য নির্ধারিত টিকিট বিক্রি হয়।
স্টেশন ম্যানেজার বলেন, আগামী ৯ অগাস্ট পর্যন্ত সকাল ৯ থেকে বিকাল ৫টার মধ্যে অগ্রিম টিকিট বিক্রি চলবে। ১৫, ১৬, ১৭ ও ১৮ অগাস্টের টিকিট যথাক্রমে ৬, ৭, ৮ ও ৯ অগাস্টে কাটা যাবে।
এদিকে, সকাল ৯টায় টিকিট কাউন্টার খুললেও আগের দিন রাত থেকেই টিকিট প্রত্যাশীরা কাউন্টারের সামনে দীর্ঘ সারিতে দাঁড়ান। অনেকেইে তাদের চাহিদা মতো টিকিট না পেয়ে ক্ষোভও প্রকাশ করেন।
শনিবার রেল স্টেশনের ম্যানেজার জানিয়েছিলেন, এবার ঈদ উপলক্ষে ঘরমুখী অতিরিক্ত যাত্রীদের সুবিধার্থে দুটি বিশেষ ট্রেনের চালু করা হচ্ছে।
“ওই দুইটি ট্রেন নোয়াখালী ও চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে যথাক্রমে সকাল সাড়ে ৭ টা ও দুপুর দেড়টায়।”
এছাড়া ঈদ উপলক্ষে চট্টগ্রাম রেলস্টেশন থেকে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনে অতিরিক্ত আরো ৮০টি বগি সংযোজন করা হচ্ছে।
ঈদে চট্টগ্রাম রেলস্টেশন থেকে প্রতিদিন নিয়মিত ৮টি আন্তঃনগর, পাঁচটি মেইল, পাঁচটি লোকাল ট্রেনের সঙ্গে দুটি বিশেষ ট্রেন দেশের বিভিন্ন জেলায় চলাচল করবে।
স্টেশন ম্যানেজার জানান, ওই সব ট্রেনে প্রায় ১৩ হাজার আসন রয়েছে। আসন ও দাঁড়িয়ে প্রতিদিন মোট ১৫ হাজার যাত্রী যাতায়াত করতে পারবে।
যাত্রীদের যাতায়াতে রেলওয়ের নিয়মিত নিরাপত্তার বাইরে ঈদে র্যাব, মহানগর পুলিশ, বিজিবি ও আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা নিরাপত্তা বজায় রাখতে নিয়োজিত থাকবে বলে তিনি জানান।
টিকিট কালোবাজারি ঠেকাতে নিরাপত্তার বাহিনী ছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রেলওয়ে কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে ছয় সদস্যের একটি ভিজিলেন্স টিম কাজ করছে বলে জানান সামসুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এসইউ/১৭২৭ ঘ.
bdnews24