চট্টগ্রাম, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক পক্ষের কর্মীদের হামলায় অপর পক্ষের তিন কর্মী আহত হয়েছে।
রোববার সেহরির সময় বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে ছাত্রলীগের সভাপতি মামুনুল হকের কর্মীরা জ্যেষ্ঠ সহসভাপতি আবুল মনসুর সিকদারের কর্মীদের ওপর হামলা চালালে ইতিহাস বিভাগের সাজ্জাদ হোসেন শহিদুল্লাহ, ব্যবস্থাপনা বিভাগের রাসেল চন্দ্র মজুমদার ও দর্শন বিভাগের রিয়াসাত হোসেন সাদিল আহত হন।
প্রক্টর সহযোগী অধ্যাপক সিরাজ উদদৌল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহজালাল হলে শিক্ষার্থীদের খাবারের কক্ষে সেহেরির সময় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত তিনজনকে মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার সাথে জড়িতদেরকে সনাক্ত করতে চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানান।
শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবুল মনসুর সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার পক্ষের কর্মীদের ওপর ছাত্রলীগের সভাপতির নির্দেশে ওই হামলা চালানো হয়েছে।
“সভাপতির ইশারায় তার কর্মীরা ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি করতে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।”
অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের সভাপতি মামুনুল হক বলেন, হামলাকারী ও আহতরা সাধারণ শিক্ষার্থী। তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নয় বলে তিনি দাবি করেন।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়ি এলাকায় সভাপতির পক্ষের কর্মীদের হামলায় জ্যেষ্ঠ সহ সভাপতির এক কর্মী আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসইউ/১৪৫৯ ঘ.
bdnews24