চট্টগ্রাম, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের এক চালককে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার বেলা ১১টার দিকে ষোলশহর রেল স্টেশন থেকে কামরুল হুদা নামে ওই চালককে ‘তুলে নিয়ে’ যাওয়া হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম রেল স্টেশন ম্যানেজার সামশুল আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “চট্টগ্রাম স্টেশন থেকে সকাল সাড়ে ১০টায় ছেড়ে যাওয়া বিশ্ববিদ্যালয়মুখী শাটল ট্রেনের চালককে কে বা কারা তুলে নিয়ে গেছে।”
তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন রেলকর্মী জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি অংশই কামরুল হুদাকে তুলে নিয়ে গেছে।
দুপুর দেড়টা পর্যন্ত কামরুলের খোঁজ পাওয়া যায়নি বলে জানান স্টেশন ম্যানেজার।
এদিকে চালককে অপহরণের কারণে ওই ট্রেনটি আর বিশ্ববিদ্যালয় পৌঁছাতে পারেনি। এছাড়া অন্যান্য শাটল ট্রেনগুলো চলাচল নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৪০০ ঘ.
bdnews24