২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চের আগাম টিকেট বুধবার থেকে

ঈদ উপলক্ষে ১৪ অগাস্ট থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে নিয়মিত সেবার পাশাপাশি বিশেষ লঞ্চ চালানোর সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 05:29 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

বরিশাল, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- ঈদ উপলক্ষে ১৪ অগাস্ট থেকে ঈদের পর দিন পর্যন্ত ঢাকা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে নিয়মিত সেবার পাশাপাশি বিশেষ লঞ্চ চালাবে লঞ্চ মালিক সমিতি। যাত্রীরা আগাম টিকেট পাবেন বুধবার থেকে। তবে এবারও ঈদে লঞ্চ টিকেটের দাম বছরের অন্য সময়ের তুলনায় বেশি রাখা হবে বলে মালিক সমিতির সঙ্গে কথা বলে জানা গেছে। লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সুন্দরবন লঞ্চের মালিক সাইদুর রহমান রিন্টু জানান, শনিবার লঞ্চ মালিক সমিতির সভায় ‘বিশেষ সার্ভিস’ চালানোসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। “১৪ অগাস্ট থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকা সদরঘাট থেকে নিয়মিত ৪টি লঞ্চের সঙ্গে বিশেষ ৪টিসহ মোট ৮টি লঞ্চ বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এছাড়া যাত্রীর চাপ বেশি হলে চালানোর জন্য দুই থেকে তিনটি লঞ্চ প্রস্তুত রাখা হবে।” একইভাবে ঈদের পর সাতদিন বরিশাল আধুনিক নৌ-বন্দর থেকে লঞ্চের ‘বিশেষ সেবা’ চলবে। আর ৮ অগাস্ট থেকে আগাম টিকেট দেওয়া শুরু হবে বলে সাইদুর রহমান জানান। ঈদের ‘বিশেষ সার্ভিস’ চলাকালে বরিশাল-ঢাকা নৌপথে দুই শয্যার কেবিন ১ হাজার ৯৬০ টাকা, এক শয্যার কেবিন ৯৫০ টাকা এবং ডেকে জনপ্রতি ২৪০ টাকা হারে ভাড়া আদায়ের সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। সাইদুর রহমানের দাবি, এটাই সরকার নির্ধারিত ভাড়া। তবে সারা বছর তারা সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়ায় যাত্রী পরিবহন করেন। দুটি ঈদ ছাড়া বছরের অন্য সময়ে দুই শয্যার কেবিন ১ হাজার ৬০০ টাকা, এক শয্যার কেবিন ৮০০ টাকা এবং ডেক ভাড়া ২০০ টাকা করে রাখা হয়। সুরভী লঞ্চ কোম্পানির পরিচালক রিয়াজ-উল-কবির বলেন, “বিশেষ সার্ভিসে যাত্রী নামিয়ে দিয়ে আবার খালি লঞ্চ নিয়ে ঢাকায় যেতে হয়। এ কারণে জ্বালানি ব্যয় হয় দ্বিগুণ। এ কারণে প্রতিবছরই আমরা ঈদের বিশেষ সার্ভিসে সরকার নির্ধারিত পুরো ভাড়া নেই, যা অন্যসময় নেওয়া হয় না।” এদিকে রাষ্ট্রায়াত্ত সংস্থা বিআইডব্লিউটিসি ১৪ অগাস্ট থেকে ঈদের পর ৭দিন পর্যন্ত ঢাকা-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠী-হুলারহাট-মোড়লগঞ্জ পর্যন্ত বিশেষ সেবা দেওয়ার সিদ্ধান্ত নিলেও স্টিমার সঙ্কটের কারণে তাদের এ উদ্যোগ কতোটা কার্যকর করা সম্ভব হবে তা নিয়ে সংশয় রয়েছে। বিআইডব্লিউটিসির ৬টি স্টিমারের মধ্যে সোনারগাঁও ও শেলা গত এক বছর ধরে ডর্কইয়াডে। বাকি ৪টির মধ্যে পিএস লেপচা ও টার্ন জুলাই মাসে দুই বার করে যাত্রী নিয়ে মাঝ নদীতে বিকল হয়ে যায়। স্টিমার পিএস মাহসুদ ও অষ্ট্রিচ-ই এখন বিআইডব্লিউটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিসের’ মূল ভরসা। বিআইডব্লিটিসির উপ-মহাব্যবস্থাপক (যাত্রী) এম এ মতিন বলেন, “জরুরি মেরামত শেষে পিএস মাহসুদ শনিবার ডর্কইয়ার্ড থেকে বুঝে নেওয়া হয়েছে। শেলা যাত্রী পরিবহনের উপযোগী কিনা তা বোঝার জন্য রোববার পরীক্ষামূলকভাবে চালানো হবে।” স্টিমার সোনারগাঁও নিয়ে কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বলে এম এ মতিন জানান। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১২০ ঘ.